‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত (ভিডিওসহ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে আজ শনিবার পবিত্র হজ পালন করছেন। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ। আরাফাতের ময়দানে লাখ লাখ হাজির কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক’ অর্থাত্ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ মক্কা নগর থেকে ১৫ কিলোমিটার দূরে এই আরাফাতের ময়দানের অবস্থান।আজ সূর্যোদয়ের পর লাখ লাখ হাজি মিনা থেকে রওনা হন আরাফাতের ময়দানের দিকে। সৌদি কর্তৃপক্ষ হাজিদের আরাফাতের ময়দানে নেওয়ার জন্য বিপুলসংখ্যক গাড়ির ব্যবস্থা করে। তবে অনেকে হেঁটেও রওনা দেন। এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর মক্কার অদূরে মিনায় লাখ লাখ হাজি সমবেত হন। সারা রাত তাঁরা মিনায় তাঁবুর মধ্যে ইবাদত-বন্দেগি করেন।সেলাইবিহীন সাদা দুই খণ্ড বস্ত্র (ইহরাম) পরিধান করে লাখো হাজি আরাফাতে জমায়েত হয়েছেন। এ সময় হাজিদের মানসপটে ভেসে ওঠে এক হাজার ৫০০ বছর আগে আরাফাতের ময়দানে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় ভাষণের সেই চিত্র।আরাফাতের ময়দানে হাজিদের কেউ তাঁবু টানিয়ে, কেউ-বা খোলা আকাশের নিচে মাথায় ছাতা ধরে দেশ, জাতি, বর্ণ-নির্বিশেষে এক কাতারে অবস্থান করছেন।আজ দুপুরে বাংলাদেশ টেলিভিশনে হজের খুতবা সরাসরি সম্প্রচার করে। টেলিভিশনের কল্যাণে আমরা যে মসজিদটি পর্দায় দেখতে পাই, সেটি মসজিদে নামিরাহ। হজের খুতবা এ মসজিদ থেকে দেওয়া হয়। হজের অন্যতম অংশ হিসেবে এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন। সৌদি আরবের প্রধান মুফতি আবদুল আজিজ আল শাইখ মসজিদে নামিরায় খুতবা দেন। হাজিরা খুতবা শোনা শেষে নামাজ আদায় করে নিজ নিজ তাঁবুতে ফেরার কথা।হজের দিন এখানে মানুষ আর মানুষ। রোদে নিমগাছের ছায়া হাজিদের প্রশান্তি এনে দেয়।হাজিদের যাতায়াতের সুবিধার্থে আরাফাতের ময়দানে সৌদি সরকার একাধিক রাস্তা তৈরি করেছে। প্রচণ্ড তাপ থেকে হাজিদের রক্ষার জন্য আরাফাত ময়দানে টানানো হয়েছে হাজার হাজার তাঁবু। পুরো ময়দানে রয়েছে প্রচুর নিমগাছ। এ ছাড়া ছিটানো হয় প্রচুর পানি। নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করতে হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ৩০টি হাসপাতাল, অনেক ক্লিনিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুত রাখা হয়। হজের তিনটি ফরজের মধ্যে আরাফাতে অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে অবস্থান করা ছাড়া হজ পরিপূর্ণ হয় না।খুতবা শেষে হাজিরা আজ আরাফাতের ময়দানে জোহর পড়েছেন, আসরের নামাজও আদায় করবেন এখানেই। বয়ান শুনে সূর্যাস্তের পর তাঁরা মিনার পথে পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে বালু ও কঙ্করময় মুজদালিফায় উপত্যকায় যাবেন। তাঁরা মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করে তাঁরা সেখানে রাত কাটাবেন। এখান থেকে তাঁরা ৭০টি ছোট আকারের পাথর সংগ্রহ করে সূর্যোদয়ের পর মিনার তাঁবুতে ফিরে যাবেন। সেখানে তাঁরা অবস্থান করে শয়তানের প্রতিকৃতিতে পাথর ছুড়ে মারবেন। কাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজরত ইব্রাহিম (আ.)-এর নিজ সন্তানকে কোরবানি দেওয়ার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে যাঁর যাঁর সাধ্যমতো পশু কোরবানি দেবেন হাজিরা।হজ-বিষয়ক আরও তথ্য জানতে পারবেন www.hajj.gov.bd ঠিকানায়।