‘লারার সঙ্গে দেখা হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রায়ান লারার দেশের মেয়ে। কিন্তু লারার সঙ্গে নাকি কখনো দেখা হয়নি। মারিসা আগুইলিরার তা নিয়ে একটু আক্ষেপ থেকেই গেছে। ঢাকায় মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলছেন আরও অনেক বিষয় নিয়ে কত দিন ধরে ক্রিকেট খেলছেন?মারিসা আগুইলিরা: আন্তর্জাতিক ক্রিকেট শুরু ২০০৮ থেকে। সেদিক থেকে আমি দেরিতেই শুরু করেছি। আমার বয়স এখন ২৫।  ওয়েস্ট ইন্ডিজের কোন দ্বীপে বাড়ি?মারিসা: ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ছোট একটা দ্বীপ। ৫১৩১ বর্গকিলোমিটার।  এটা তো ব্রায়ান লারার দেশ?মারিসা: হ্যাঁ, লারার দেশের মেয়ে আমি। এ জন্য একটা গর্ব অনুভব করি। আমার তো খুবই ভালো লাগে নিজেকে ত্রিনিদাদিয়ান পরিচয় দিতে।  কখনো লারার সঙ্গে দেখা হয়েছে?মারিসা: না, দেখা হয়নি। তবে আমার সব সময়ই ইচ্ছা করে ব্রায়ানের (লারা) সঙ্গে দেখা করি, কথা বলি। পরামর্শ নিই। কিন্তু হয়ে ওঠেনি। তবে তাঁর খেলা দেখেছি।  আপনি এমনিতে কী করেন?মারিসা: আমি একজন হেয়ার ড্রেসার এবং হিসাবরক্ষকও। এখন ক্রিকেটও খেলছি। ভবিষ্যতে চাইব, ট্রেনার হয়ে এই মহিলা ক্রিকেট দলের সঙ্গে থাকতে। ক্রিকেটটা আমি ছাড়তে চাই না।  ক্যারিবিয়ানে মহিলা ক্রিকেট কেমন চলছে?মারিসা: ক্যারিবীয় দ্বীপগুলোয় ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট চর্চাও চলছে। ত্রিনিদাদের কথা বলতে পারি, সেখানে মহিলা ক্রিকেটে অনেক কর্মসূচি আছে। বলতে পারেন ভালোই এগিয়ে যাচ্ছে। আপনার প্রিয় ক্রিকেটার কে?মারিসা: শচীন টেন্ডুলকার। লারা আমার স্বদেশি, তাঁকেও আমার অসম্ভব ভালো লাগে। তবে টেন্ডুলকারের ব্যাপারটা আলাদা। কী অসাধারণ টেকনিক। ২২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। দারুণ ব্যাপার! বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে কী ভাবছেন? বাংলাদেশ তো স্পিন দিয়ে অঘটন ঘটিয়ে দিতে চায়...মারিসা: সেটা তারা চাইতেই পারে। বাংলাদেশ দল স্পিনে ভালো শুনেছি। আমরা ভালো ক্রিকেটই খেলব। তবে অঘটনের ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য করব না। দিন শেষে কী হবে, কে বলতে পারে। আপনার দল নিয়ে কিছু বলুন...মারিসা: আমাদের এই দলটা ভারসাম্যপূর্ণ। বোলার, ব্যাটার সবাই ভালো। দলে স্টেফানি টেলর আছে, এ বছর মহিলা ত্রিকেটে সে আইসিসির বর্ষসেরা। এই টুর্নামেন্টে সে একটা সেঞ্চুরি করেছে, আরেক ম্যাচে অপরাজিত ৬৩। অন্য ম্যাচে ব্যাট করেনি। অন্যরাও ভালো করছে। আপনার পরিবারের কেউ ক্রিকেট খেলেন?মারিসা: আমার চাচা ক্রিকেট খেলেন। আর ছোট বোন খেলেছে ত্রিনিদাদ অনূর্ধ্ব-১৫ দলে। ৭ ভাইবোনের মধ্যে আমি পঞ্চম। এক ভাই ত্রিনিদাদের ঘরোয়া ফুটবলে খেলে। এটুকুই। ওয়েস্ট ইন্ডিজ তো গত বছর আইসিসি বিশ্ব মহিলা টি-টোয়েন্টির সেমিতে খেলেছে। একই বছর আইসিসি মহিলা চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন। এখন আপনাদের লক্ষ্য কী?মারিসা: আমরা তরুণ দল, আস্তে আস্তে ভালো করছি। বোঝাপড়া ভালো। এটা খুব দরকার। এখানে চ্যাম্পিয়ন হয়ে আমরা চাই ২০১৩ বিশ্বকাপে কোয়ালিফাই করতে।  আপনি উইকেটরক্ষক হলেন কেন?মারিসা: বিশেষ কোনো কারণ নেই। কিপিং ভালো লাগে তাই...।