‘লালটিপ’ একদমই আলাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ওরা ক’জন। নাটকটি লিখেছেন রিজওয়ান খান, পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এখানে অভিনয় করছেন কুসুম শিকদার। কথা হলো তাঁর সঙ্গে।নাটকে কাজের কী খবর?প্রায় আড়াই মাস আমি একেবারেই নাটকের কোনো কাজ করতে পারিনি। এই পুরো সময়টা ব্যস্ত ছিলাম লালটিপ ছবি নিয়ে। শুরুতে আমরা এই ছবির কাজ করেছি ফ্রান্সের প্যারিসে। আর এই আড়াই মাস ঢাকায়। ছবিটি পরিচালনা করছেন স্বপন আহমেদ। বেশির ভাগ কাজই শেষ। এখন বাকি শুধু দুটি গানের দৃশ্যায়ন। এই দুটি গানের কাজ হবে থাইল্যান্ডের পাতায়া ও কোসাময়িতে। এই মাসের শেষ দিকে ওখানে যাওয়ার কথা আছে। লালটিপ ছবির কাজ শেষ করে তারপর নাটক করব।‘লালটিপ’ ছবিতে কাজ করতে কেমন লাগছে?বাংলাদেশে আমরা সাধারণত যে ধরনের ছবি দেখি, সেগুলো থেকে লালটিপ একদমই আলাদা। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম দর্শকদের খুব ভালো মানের একটা ছবি উপহার দিতে যাচ্ছে। ছবির গল্প, ক্যামেরার কাজ, পরিচালনা, লোকেশন—সবকিছুতেই দর্শক নতুনত্ব পাবেন। আর অভিনয় কেমন হয়েছে, তা দর্শকই ভালো বলতে পারবেন। আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করেছি। আমি মনে করি, দর্শক বলিউড কিংবা হলিউডের সঙ্গে লালটিপ ছবির তুলনা করতে পারবেন।‘ওরা ক’জন’ নাটকে কবে কাজ করেছিলেন?বছর দেড়েক তো হবেই। এখানে আমার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলন, মীর সাব্বির ও লিটু আনাম। আরও অনেক চরিত্র আছে। আমরা যখন নাটকটির কাজ করেছিলাম, তখন বেশ গরম ছিল। সেই রোদে দুপুর বেলা রাস্তায় শুটিং করতে হয়েছিল। একই দৃশ্যের কাজ বারবার করেছিলাম। গরমের জন্য যতবারই তাড়াহুড়া করেছি, ততবারই দৃশ্যগুলো বাতিল হয়।এখন তো বৈশাখী টিভিতে আপনার অভিনীত ‘ইকারুসের ডানা’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে।এই নাটকে আমি দেশের বাইরে থেকে পড়াশুনা করে এসেছি। স্কুলজীবনে একটি ছেলের সঙ্গে আমার পরিচয় ছিল। দেশে ফেরার পর তার সঙ্গে আবার দেখা হয়। আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই ব্যাপারটা আমার মা মেনে নিতে পারে না। ফলে সম্পর্কটা একটা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায়।