‘লালটিপ’-এর গানের আসর
শীতের সন্ধ্যায় গতকাল রোববার ধানমন্ডি মাঠে অনুষ্ঠিত হলো জমজমাট গানের আসর। ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র লালটিপ-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু উপলক্ষে ‘লালটিপ স্যামসাং মিউজিক ব্লাস্ট’ শীর্ষক এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে লালটিপ-এর একটি প্রচারণামূলক অংশ দেখানো হয়। এরপর তাপস ও ফুয়াদ গেয়ে শোনান ‘এই শহরে’ গানটি। এর পরই ছিল চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র ইমন ও কুসুম সিকদারের ‘ভেসে যাই’ গানের সঙ্গে নাচ। তাঁদের পর মঞ্চে আসেন শিল্পী কনা। তিনি গেয়ে শোনান ‘হারিয়ে যাওয়া স্বপ্ন’। সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান ‘এই পৃথিবীতে’। ‘কোথাও ছিলে না তুমি’ গানের সঙ্গে নাচ করেন ইমন ও কুসুম সিকদার। এ সময় ছিল আলো ও শব্দের আকর্ষণীয় পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাংইয়ুন লি, ছবির পরিচালক স্বপন আহমেদ।