‘লালটিপ’ মুক্তি পাচ্ছে আজ
লালটিপ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। এ উপলক্ষে গত বুধবার স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন রেড কার্পেট (লাল গালিচা) আয়োজনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ছবিটির ফ্রান্স অংশের নির্বাহী প্রযোজক এনায়েত উল্লাহ, পরিচালক স্বপন আহমেদ, প্রধান দুই অভিনয়শিল্পী কুসুম সিকদার ও ইমন। আরও এসেছিলেন ছবির অন্য অভিনয়শিল্পী শহিদুল আলম সাচ্চু, মুনিরা ইউসুফ, সোহেল খান ও মিশু সাব্বির। আমন্ত্রিত হয়ে এসেছিলেন আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আব্দুল হাদী, জেমস, পূর্ণিমা, কনাসহ আরও অনেকে। লালটিপ ছবির মিউজিক করেছেন ফ্রান্সের অস্কারজয়ী মিউজিক কম্পোজার মরিস জার, বাংলাদেশের আলী আকবর রূপু, ফুয়াদ, ইবরার টিপু, আরফিন রুমী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মাইকেল জ্যাকসনের বোন লা টয়া জ্যাকসন, বাংলাদেশের সৈয়দ আব্দুল হাদী, জেমস, ফুয়াদ, কনা, ন্যান্সি, আরফিন রুমী, ইবরার টিপু, পড়শী, তাপস, কাজী শুভ, উপল।ফরিদুর রেজা সাগর বলেন, ‘এবার আমরা আন্তর্জাতিক মানের একটি উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছি। কারণ, ছবিটিও সে রকমভাবেই তৈরি করেছি।’ইমন বলেন, ‘দর্শকদের ভালো মানের একটি ছবি উপহার দেওয়ার জন্য আমরা সবাই অনেক কষ্ট করেছি। আমরা চাই, দর্শকেরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।’ আর কুসুম সিকদার বললেন, ‘এবারই প্রথম ছবির উদ্বোধনী প্রদর্শনীতে রেড কার্পেটে হেঁটেছি। অনুভূতিটাই অন্য রকম।’অনুষ্ঠানে হুমায়ুন ফরীদি স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। ছবিটির শুটিং হয়েছে ফ্রান্স, থাইল্যান্ড ও বাংলাদেশে।