‘লিগ কমিটি প্রমাণ করলেই পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহমতগঞ্জের বিপক্ষে পাতানো খেলার অভিযোগের যখন তদন্ত চলছে, ঠিক সেই মুহূর্তে ঢাকা মোহামেডানকে হারিয়ে পেশাদার লিগ শিরোপার নিঃশ্বাস-দূরত্বে দাঁড়াল নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাল ম্যাচের পর শেখ জামাল অধিনায়ক আমিনুল হক বললেন, রহমতগঞ্জের বিপক্ষে পাতানো ম্যাচের ব্যাপারে তাঁদের কিছুই জানা নেই। একটু আগে আপনারা অনেক উৎসব করলেন। চ্যাম্পিয়ন হয়ে গেলেন নাকি?আমিনুল হক: না না, এটা আসলে চ্যাম্পিয়নশিপের আনন্দ নয়। আনন্দটা হচ্ছে, আমরা ম্যাচ পাতানো অভিযোগের জবাব দিয়েছি। রহমতগঞ্জের বিপক্ষে যারা আমাদের জয়টাকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদের একটা সমুচিত জবাব দিতেই এই উচ্ছ্বাস। এই জয়ে কি আগের ম্যাচটা পাতানো ছিল না প্রমাণ করা যায়?আমিনুল: আমরা যে ভালো ফুটবল খেলে জিতেছি, এটাই হচ্ছে আমাদের জবাব। আমরা মাঠে খেলে জবাব দিয়েছি। আমরা তো বলেছি, আমরা পাতানো ম্যাচ খেলিনি। তারা (বাংলাদেশ লিগ কমিটি) কী দেখে প্রশ্ন করেছে, আমার বোধগম্য নয়। পরদিনের জাতীয় সব দৈনিকে ম্যাচটা প্রশ্নবিদ্ধ ছিল বলে রিপোর্ট ছাপা হয়েছে। তা ছাড়া ভিডিও তো আছে...।আমিনুল: এটা লিগ কমিটি প্রমাণ করলেই পারে। আমরা ভাই কিছুই জানি না। অভিযোগ প্রমাণও তো হতে পারে। আপনি নিশ্চিত হলেন কীভাবে?আমিনুল: আমরা ১০ জনের রহমতগঞ্জের বিপক্ষে ৫-২ গোলে জিতেছি। আবারও বলছি, আমাদের ফুটবলাররা এ বিষয়ে কিছুই জানে না। আমরা আমাদের স্বাভাবিক ফুটবলটাই সেদিন মাঠে খেলেছি। আপনারা খেলোয়াড়েরা না-ও জানতে পারেন। কর্মকর্তারা তো জানতে পারেন।আমিনুল: আমার কাছে সন্দেহজনক কিছু মনে হয়নি সেদিন। এটা আমার ধারণারও বাইরে। আপনি তো একজন গোলরক্ষক। সেদিন রহমতগঞ্জের গোলরক্ষক যেভাবে গোল খেয়েছেন, তা দেখে আপনার নিজের কেমন লেগেছে?আমিনুল: গোলরক্ষক গোল খেতেই পারে। বাজে গোল তো আমিও খাই। সে ভালো ভালো সেভও করেছে। একটা দল ১০ জনের হয়ে গেলে খেই হারিয়ে ফেলে। রহমতগঞ্জের অবস্থাও তা-ই হয়েছিল। পাতানো ম্যাচের অভিযোগ নিয়ে আজ (কাল) মাঠে নামার আগে আপনাদের মানসিক অবস্থা কেমন ছিল?আমিনুল: অভিযোগ ওঠার প্রথম দিন আমরা আশ্চর্য হয়েছি, হতাশ হয়েছি। পরে এটা নিয়ে আরও কথা ওঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, সব পেছনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। আমরা সেটা পেরেছি। আর একটা পয়েন্ট পেলেই আমরা চ্যাম্পিয়ন। এটা নিশ্চয় স্বীকার করবেন, পাতানো খেলাই মাঠে দর্শক না আসার মূল কারণ?আমিনুল: এসব নিয়ে আমি এ মুহূর্তে কিছু বলতে চাই না। আজ জিতেছি, জয়টা উদ্যাপন করতে দেন। বাফুফে সভাপতিকে ফুটবলাররা প্রতিশ্রুতি দিয়েছিল পাতানো খেলবে না। এটা কি আপনার মনে আছে?আমিনুল: অবশ্যই মনে আছে। আমি তো বললাম, আমরা পাতানো খেলা খেলিনি। আমরা বড় বাজেটের দল করেছি। এ দল মাঠে খেলেই চ্যাম্পিয়ন হতে পারে। আজ তো দেখলেন, আমাদের শক্তি কতটা। কিন্তু এ খেলাটা আগের ম্যাচটায় দেখা যায়নি...।আমিনুল: বাইরে থেকে আপনাদের কী মনে হয়েছে, জানি না। আমাদের সর্বোচ্চ সামর্থ্যে খেলেই জয় নিয়ে সেদিন মাঠ ছেড়েছি।