খানিক পর দেশে ফেরার বিমান ধরবেন। ব্যাগ গুছিয়ে তৈরি। ধানমন্ডির ফ্ল্যাটে বসে বাংলাদেশে দুই মৌসুম কাজ করার অভিজ্ঞতা জানালেন আলী আকবর পোরমুসলিমি। কাল রাতে ঢাকা ছাড়ার আগে ইরানি কোচের সঙ্গী হলো এক দিন আগেই আবাহনীকে বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন করার সুখানুভূতি দলকে চ্যাম্পিয়ন করার আনন্দ মাঠেই প্রকাশ করেছেন। ফিরে যাওয়ার আগে আবারও যদি অনুভূতিটা জানান...আলী আকবর পোরমুসলিমি: আমি অনেকটা ভাষাহীন। কোচিং-জীবনে এটাই আমার সবচেয়ে বড় শিরোপা। পেশাদার লিগে টানা তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীকে নানা কারণে গতবার এসে শিরোপা জেতাতে পারিনি। তাই এবার শিরোপা না পেলে বড় কষ্ট পেতাম। মাঠেই দেখা গেল, আপনি কাঁদছেন। বিশেষ কোনো কারণে?আলী আকবর: ওই মুহূর্তে ইরানের বিখ্যাত কোচ নাসের হেজাজির কথা মনে ভাসছিল। এশিয়ার সেরা গোলরক্ষক হয়েছিলেন, মোহামেডানকে কোচিং করিয়ে গেছেন। তাঁর কাছে মোহামেডানের কথা শুনেছি। আমরা একসঙ্গে কোচিং নিয়ে কাজ করেছি। হেজাজি মারা গেছেন সম্প্রতি, তাঁকে শ্রদ্ধা জানাই। বাংলাদেশে কি আবার আসার সম্ভাবনা আছে আপনার?আলী আকবর: আবাহনী চাইলে আসতে পারি। তারা এখনো আমার সঙ্গে কথা বলেনি। আবাহনী নতুন কোচ নিলেও অখুশি হব না। আমি পেশাদার কোচ, যেখানে প্রস্তাব পাব, কাজ করব। তবে একটা কথাই বলব, আবাহনীর উচিত এএফসি কাপ নিয়ে ভালো প্রস্তুতি নেওয়া। স্থানীয়দের নিয়ে তারা ভালো একটা দল গড়ে তুলবে আশা করি। বাংলাদেশে আপনার শুরু আর শেষটাকে যদি মিলিয়ে দেখেন...আলী আকবর: শুরুটা ছিল বেশ ইন্টারেস্টিং। এসে দেখলাম, এখানকার ফুটবল খুব ধীরগতির। এই যুগে ধীর ফুটবল চলে না। আমি আবাহনীকে গতিময় ফুটবল খেলানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। কিছুটা উন্নতি হয়েছে, তবে আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের ফুটবল কেমন দেখলেন? লিগটাই বা কেমন হলো?আলী আকবর: প্রথমত এ দেশে পেশাদারির কিছুই নেই। লিগ হয়, কিন্তু বারবার খেলা বন্ধ থাকে। এতে একটা দল ফর্মের চূড়া থেকে ধপাস করে পড়ে যায়। মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে কাল (পরশু) শেষ ম্যাচটা খেলল ১৫-১৬ দিন পর। এটা তো কোনো লিগ হতে পারে না। এত লম্বা গ্যাপে দলের ভীষণ ক্ষতি হয়। আর বিশেষ কোনো পর্যবেক্ষণ? আলী আকবর: এ দেশের খেলোয়াড়দের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। খায়, দায়, ঘুমায়, বাড়ি যায়...। খেলার আগ্রহ নেই। ইরানে আমি আল হামাদান ক্লাবকে কোচিং করিয়েছি। সেখানে একাদশে সুযোগ না পেলে খেলোয়াড়েরা কষ্ট পায়। কিন্তু এখানে উল্টো। ইরানের ফুটবলের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের কী পার্থক্য দেখলেন?আলী আকবর: অনেক পার্থক্য। আমাদের ওখানে দর্শক মাঠে আসে, খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দেয়। এখানে তা নয়। মাঠে দর্শক তেমন হয় না, খেলোয়াড়েরাও গা ছাড়া। ভালো করার তাগিদ সেভাবে দেখি না তাদের মধ্যে। তবে ভালো কিছু খেলোয়াড় অবশ্যই আছে। প্রয়োজন সিস্টেমটা বদলানো। একটু বিস্তারিত বলবেন?আলী আকবর: সারা দুনিয়ায় নিয়ম হলো, খেলোয়াড়দের পেমেন্ট প্রথমে ৩০ ভাগ, মাঝখানে ৩০ এবং শেষে বাকিটা দেওয়া। কিন্তু এখানে সব টাকা প্রথমেই পেয়ে খেলোয়াড়েরা ইনজুরিসহ নানা বাহানায় আর খেলতে চায় না। আর রেফারিরা এ দেশে খেলোয়াড়দের নিরাপত্তা দেন না। এটাও বিশাল এক সমস্যা। বাংলাদেশের ফুটবলে কোনো সম্ভাবনা কি আপনি দেখেন? আলী আকবর: সম্ভাবনা নেই বলব না। তবে বিদেশি এনে লিগ সয়লাব করে দেশের ক্ষতি করলে এগোনো যাবে না। এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলে বাংলাদেশ নেপালের কাছে চার গোল খায় যখন, ব্যথিত হই। তাই উন্নতি চাইলে স্থানীয় খেলোয়াড় তৈরি করতেই হবে, এর বিকল্প নেই।