‘লিগ বন্ধের দায় নিতে চাই না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থবির হয়ে পড়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। জাতীয় লিগ শেষ হলে লিগের খেলা আবারও শুরুর আশা করা হলেও যে কারণে লিগ বন্ধ হয়েছিল, সেই সমস্যার সমাধান হয়নি। লিগ আবার শুরু করার আগে এসবের গ্রহণযোগ্য সমাধান চান আবাহনীর ক্রিকেট কমিটির প্রধান নাজমুল হাসান জাতীয় লিগের পরপরই প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো শুরু হওয়ার কথা। বিতর্কিত সময়ের মধ্য দিয়ে যাওয়া লিগের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটা আশাবাদী?নাজমুল হাসান: কিছুদিন আগে বিসিবির সভাপতি সাহেব আমাদের সঙ্গে বসে আমাদের কথা শুনলেন। উনি বললেন পরের শনিবারই আবার আমাদের নিয়ে বসবেন। আমরা তখন ভেবেছিলাম খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু এরপর তো অনেক দিন হয়ে গেল। আমি এখনো বুঝতে পারছি না লিগ কবে শুরু হবে। আমি আসলেই একটু চিন্তিত। লিগ শুরু করার ব্যাপারে আবাহনীর অবস্থান কী?নাজমুল: আমরা চাই লিগ অতিদ্রুত শুরু হোক। কিন্তু মোহাম্মদ ইউসুফকে নিয়ে বিসিবি যে চিঠিটা দিয়েছিল, সেটা কোনো ক্লাবের কাছেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি বলেনই সে আর কোনো ম্যাচ খেলতে পারবে না, তাহলে সে সব খেলার জন্যই অবৈধ। শুধু একটা খেলার জন্য আপনি তাকে বৈধতা দিতে পারেন না। আমি মনে করি, সমস্যা সমাধানের সহজ পথ হচ্ছে ওই ম্যাচটাকে বাতিল করে নতুন করে খেলানো। আমি কোনো ক্লাবের ক্ষতি চাই না। আমার মনে হয়, ম্যাচটা আবার হলে ভিক্টোরিয়া-আবাহনী সবার জন্যই ভালো হয়। লিগের জন্যও ভালো হয়। লিগ বন্ধের দায় যাচ্ছে আবাহনী-মোহামেডানের ওপর। বলা হচ্ছে, বড় দলগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেট...নাজমুল: আমি সেজন্যই বেশি জোর দিয়ে বলছি, লিগ শুরু করা হোক। লিগ বন্ধের দায় আমরা নিতে চাই না। যে ম্যাচ নিয়ে বিতর্ক আছে, সেটার পয়েন্ট কাউকেই এখন না দিয়ে বাকি খেলাগুলো শেষ করা হোক। আপনার কি মনে হয় ঘরোয়া ক্রিকেটের এই সমস্যা সমাধানে বোর্ড সভাপতি আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতেন?নাজমুল: অবশ্যই। জাতীয় লিগ শুরু করে দেওয়া মানেই হচ্ছে সমস্যাটা নিয়ে আরও কালক্ষেপণ করা। খেলা সেই কবে থেকে বন্ধ! অথচ এই প্রথম বোর্ড আমাদের সঙ্গে কথা বলল! কেউ কি বোর্ডে নেই? সভাপতি ব্যস্ত থাকতে পারেন, বোর্ডের অন্য কেউ কি আমাদের সঙ্গে বসতে পারেন না একটা দিন? আমার ধারণা, আমি প্রেস কনফারেন্স না করলে কেউ বসতই না। একের পর এক বিতর্কের কারণে ক্লাব ক্রিকেটের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠছে। কী বলবেন?নাজমুল: বিপিএল যখন শুরু হলো, তখনই মনে হয়েছিল বিসিবি বোধহয় আর ক্লাব ক্রিকেট চায় না। দেশের ক্রিকেট আজ যে এই অবস্থানে এসেছে, তাতে ক্লাব ক্রিকেটের অবদান সবাই স্বীকার করে। আমরা তো নিঃস্বার্থভাবে নিজেদের পয়সা দিয়ে খেলোয়াড় এনে খেলাচ্ছি। বোর্ড থেকে কোনো সাহায্য পাই না। উল্টো ‘এ’ দল, একাডেমি দল, বিপিএলের জন্য লিগের মাঝখানে আমাদের খেলোয়াড় নিয়ে যাওয়া হচ্ছে। এ রকম হলে ওনারা বলে দিন ক্লাব ক্রিকেটের দরকার নেই। আমরাও দল করব না। বিসিবির বর্তমান সভাপতির আইসিসির সহসভাপতি হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া ভবিষ্যতে বিসিবি সভাপতি পদে নির্বাচন হবে এবং সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচনায় আপনার নাম আসছে। আপনার কী পরিকল্পনা?নাজমুল: আমার নামটা আসছে কারণ আমি ক্রিকেট বা খেলাধুলার সঙ্গে একটু বেশি সম্পৃক্ত। আমি আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান, এটাও একটা কারণ। তবে এই সিদ্ধান্ত নেন একমাত্র প্রধানমন্ত্রী। ওনার সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি। আর নির্বাচন নিয়ে আমার প্রশ্ন, এত তাড়াহুড়া কেন? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউ তো এখনো নির্বাচন করেনি! অন্যরা কী করে সেটাও বোধ হয় দেখা দরকার।