‘লিগটা আমরাই জমিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মৌসুম ধরে শেখ রাসেল ক্রীড়াচক্রে খেলছেন। ক্লাবের প্রতি দরদ একটু বেশিই অধিনায়ক আমিনুল ইসলামের। দল হারলে হতাশায় ভেঙে পড়েন, কালও বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই উইংব্যাক ছিলেন ব্যথিত, বিষণ্ন খুবই হতাশ দেখাচ্ছে আপনাকে...আমিনুল ইসলাম: হতাশ হওয়াটাই স্বাভাবিক। আসলে দল হারলে এত কষ্ট লাগে যে ঠিকমতো রাতেও আমি ঘুমাতে পারি না। শিরোপা দূরে থাক, রানার্সআপ হওয়ার সম্ভাবনাও তো আর থাকল না... আমিনুল: সত্যি বলেছেন। আগের ম্যাচে শেখ জামালের কাছে হেরেই তো আমরা রেস থেকে ছিটকে পড়েছি। মুক্তিযোদ্ধা, শেখ জামাল, আবাহনী যদি হারত তাহলে হয়তো আমাদের সম্ভাবনা থাকত। আজ (কাল) মোহামেডানের কাছে হারের পর আর কোনো সুযোগই থাকল না আমাদের।  কিন্তু লিগটা খুব ভালোই জমিয়ে তুলেছেন আপনারা...আমিনুল: ঠিকই বলেছেন। আমি বলব, লিগটাকে জমিয়ে দিয়েছিলাম আমরাই। কিন্তু শেষ দিকে এসে আমরা যেভাবে খেলছি তাতে আমি খুবই হতাশ। সমস্যাটা কোথায় ছিল বলে মনে করেন?আমিনুল: আসলে আমাদের স্ট্রাইকারদের গোল করার ব্যর্থতার কারণেই আজ এ অবস্থা। এ ছাড়া দুর্ভাগ্যও আছে। একেবারে ওপেন গোল মিস হচ্ছে। এমন করলে তো কিছুই করার থাকে না। বিদেশিদের ওপরও কি ভরসা পাচ্ছিলেন না?আমিনুল: না। সেটা ঠিক না। প্রথম দিকে তো বিদেশিরা ভালোই খেলছিল। কিন্তু যতই দিন যাচ্ছিল, মনে হচ্ছিল, ওরা আগের মতো খেলতে পারছে না। শেষ দুটি ম্যাচের কথাই ধরুন, বিদেশিদের কোনো অবদানই নেই। দুটি ম্যাচই হারলাম। রেফারিদের মান নিয়েও প্রশ্ন আছে। তার মানে রেফারিদের বিরুদ্ধেও অভিযোগ আছে আপনাদের?আমিনুল: আসলে রেফারিদের ম্যাচে আরও ভালো ভূমিকা রাখা উচিত। অনেক সময় দেখা যায়, অহেতুক কার্ড দেখান তাঁরা। আবার অনেক সময় দেখা যায়, কোনো বিদেশি খেলোয়াড় মাঠে পড়ে যাওয়ার পর রেফারি তাঁকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার জন্য বাঁশি দিলেও সে স্ট্রেচারে যায় না। খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়। এতে অনেক সময় নষ্ট হয়। মাঠ থেকে ওই খেলোয়াড় বেরোতে বেরোতেই এক মিনিট লেগে যায়। ফেডারেশনের এগুলো দেখা উচিত। মৌসুমের শুরুতে কী প্রত্যাশা ছিল এবার আপনাদের?আমিনুল: শেখ রাসেল আসলে প্রতিবছরই ভালো দল গড়ে। এবারও আমাদের একটা ভালো অবস্থানে থাকার ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্য। ফেডারেশন কাপে আবাহনীর কাছে শেষ মুহূর্তে পেনাল্টি গোলে হেরে সেমিফাইনালে উঠতে পারলাম না, স্বাধীনতা কাপে আমরা ফাইনাল খেলেছি। আর আগেই তো বলেছি, লিগটা আমরাই জমিয়েছিলাম। তিনটি টুর্নামেন্টেই আমরা ভালো করেছি। এখন আপনাদের লক্ষ্য কী?আমিনুল: চার নম্বরে তো আছিই। দেখা যাক, তিন নম্বরে থেকে শেষ করতে পারি কি না। এ জন্য আবাহনী, মুক্তিযোদ্ধা, শেখ জামালকে আগে হারতে হবে। কিন্তু সেটা তো মনে হয় সম্ভব না।