এবার প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগে মহিলা বিভাগে দল গড়েনি বাংলাদেশ বিমান। দীর্ঘদিন ধরে পুরুষ বিভাগের মতো মহিলা ব্যাডমিন্টনেও তারা ছিল বড় নাম। গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন এবং এবারের জাতীয় রানারআপ খুলনার মেয়ে এলিনা সুলতানা এটিকে মহিলা ব্যাডমিন্টনের জন্য অশনিসংকেতই বলছেন এবার লিগে মহিলা দল গড়ল না বিমান। নিশ্চয়ই আর সবার মতো আপনিও হতাশ...এলিনা সুলতানা: অবশ্যই হতাশ। ব্যাপারটা প্রথম শোনার পর মনটা ভীষণ খারাপ হয়েছিল। বিমানের মতো দল মহিলা দল গড়বে না, এটা বিশ্বাসই করা যায় না। তারা তো গতবারের চ্যাম্পিয়নও। বিমান দলের ম্যানেজার বলেছেন, তাঁরা নাকি মহিলা দল গড়ার জন্য খেলোয়াড় পাননি। আসলেই কি খেলোয়াড় নেই?এলিনা: খেলোয়াড় নেই, কথাটা ঠিক নয়। বিমানে দীর্ঘদিন ধরে খেলা এলিনা আপু আছেন, তিনি তো বহুবার চ্যাম্পিয়নও হয়েছেন। সঙ্গে বিদেশি খেলোয়াড় আনতে পারত। আসলে চাইলেই দলটা করা যেত, আমার মনে হয়। তাহলে তো এখন আপনারা ফাঁকা মাঠে গোলই দিচ্ছেন?এলিনা: তা তো ঠিকই। লিগে মহিলা বিভাগে দলই আছে চারটি, যার মধ্যে নিট কনসার্ন, দেওয়ান টেক্সটাইল ও প্যাসিফিক একই গ্রুপের দল। আমরা জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরা ভাগাভাগি করে এই তিন দলেই খেলছি। বিমান না থাকায় এখন আমাদের প্রতিদ্বন্দ্বী সূর্যতরুণ। যা-ই হোক, বিমানবিহীন লিগে খেলে মজাই পাচ্ছি না। লিগে তো বেশ কয়েকজন বিদেশি মহিলা খেলোয়াড় আছেন। তাঁদের সঙ্গে নিজেদের পার্থক্যটা কোথায় দেখেন?এলিনা: আমরা তুলনামূলক স্কিলে পিছিয়ে। আমরা শেষ দিকে দুর্বল হয়ে পড়ি। এই সুযোগে ওরা দ্রুত পয়েন্ট নিয়ে নেয়। ওরা অনেক অনুশীলন করে তো, সুযোগ-সুবিধা বেশি পায় এবং প্রচুর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে, যেটা আমরা পাই না। এটা তো আজ হঠাৎ করে হয়নি। তার মানে, মহিলা ব্যাডমিন্টন এগোনো দূরে থাক, বরং পিছিয়েই যাচ্ছে?এলিনা: পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। ছেলেদের চেয়ে মেয়েরা তুলনামূলক অনেক কম আসছে। ন্যাশনালের চেয়ে লিগে এটা বেশি চোখে পড়ে। আপনি দেখুন, দলও দিন দিন কমছে। আগে ছয়টা দল ছিল মহিলা বিভাগে। বিমানের আগে বিদায় নিয়েছে তেজকুনিপাড়া। ব্যাডমিন্টনে নিট কনসার্ন ভালো পৃষ্ঠপোষণা করছে। শুনেছি, আপনার সঙ্গে নাকি পাঁচ বছরের চুক্তি করেছে তারা। এটা তো ভালো দিক...এলিনা: হ্যাঁ, খুবই ভালো দিক। নিটের পক্ষ থেকে কিছু সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে আমাদের। অন্য অনেক দলও ভালো করার চেষ্টা করছে। খেলোয়াড়দের টাকা দিচ্ছে। পুরুষ বিভাগে বিমান তো আছেই। কিন্তু উদ্বেগটা মহিলা বিভাগ নিয়েই বেশি। আপনি কীভাবে ব্যাডমিন্টনে এলেন?এলিনা: আমাদের বাড়ি খুলনায়, সেখানে ক্লাস সেভেনে পড়ার সময় একদিন স্কুল প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে ভালো করেছি। তারপর ঘটনাচক্রে খেলাটায় চলে এলাম। আমার বড় বোন আনসারের হয়ে সপ্তম বাংলাদেশ গেমসে ভলিবল খেলেছে। তাঁকে দেখেও খেলায় আসার উৎসাহ পেয়েছি। ব্যাডমিন্টন নিয়েই থাকবেন, নাকি অনেকের মতো আপনিও ছেড়ে যাবেন এই অঙ্গন?এলিনা: আমার ইচ্ছা এয়ার হোস্টেস অথবা ব্যাংকে চাকরি করা। দুটিই খুব স্মার্ট চাকরি। এয়ার হোস্টেসের জন্য একবার আবেদন করে প্রাথমিকভাবে নির্বাচিতও হয়েছিলাম। নানা কারণে যাওয়া হয়নি। আমি এখন ইডেনে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি ফিন্যান্স নিয়ে।