এবারই প্রথম এলেন বাংলাদেশে। দারুণ কাটছে আরামবাগের জার্সি গায়ে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগে তাঁর অভিষেক মৌসুমটা। কাল তো হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন শেখ জামালকে গুঁড়িয়ে দিলেন এলিটা কিংসলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের পর সবার মনোযোগের কেন্দ্রে ২৩ বছরের এই নাইজেরিয়ান স্ট্রাইকার দারুণ হ্যাটট্রিক করলেন। শেখ জামাল তো আপনার কাছেই হেরে গেল...এলিটা কিংসলে: হ্যাঁ, দারুণ লাগছে এটা ভাবতে। অসাধারণ অনুভূতি। কোনো দিন ভুলব না। সবকিছুই সুন্দর চলছে। বাংলাদেশে আসার আগে আর কোথায় খেলেছেন?কিংসলে: সুইজারল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকা। শেষ খেলেছি নাইজেরিয়ায়। শেখ জামাল তো অনেক বড় দল। তাদের বিপক্ষে এত সহজে হ্যাটট্রিক পেয়ে যাবেন ভেবেছিলেন?কিংসলে: মাঠে নামার আগে সবারই একটা স্বপ্ন থাকে। আমরা চেষ্টা করেছি জিততে। তারা আমাদের বেগ দিয়েছে অনেক। প্রথম গোলটা পাওয়ার পর আমি আরও গোলের সুযোগ খুঁজেছি এবং গোল পেয়েও গেছি। এটা ঠিক, এত বড় দলের বিপক্ষে জয় পাওয়া অনেক কঠিন। তবে আজকের দিনটা আমাদের ছিল। আগের ম্যাচে আরামবাগ শেখ রাসেলের কাছে চার গোলে হেরেছে। শেষ তিন ম্যাচে আপনার দল গোল খেয়েছে ১০টি। এভাবে ফিরে আসার রহস্য কী?কিংসলে: প্রতি ম্যাচ থেকেই আমরা শেখার চেষ্টা করি। আগের ম্যাচগুলোর ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। এই নির্দেশনা দিয়েছেন আমাদের কোচ। প্রতি ম্যাচই নতুন ম্যাচ। কাজেই সুযোগ নেওয়ার সর্বাত্মক চেষ্টা করলে ফল আসতেই পারে। আজ আমরা ফল পেয়েছি। ফুটবলে আপনার প্রেরণা কে?কিংসলে: ফার্নান্দো তোরেস। তার মতো খেলতে চাই। সে-ই আমার আদর্শ। বাংলাদেশে আসার আগে এ দেশের ফুটবল নিয়ে কোনো ধারণা ছিল?কিংসলে: ধারণা কিছু নিয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট দেখে। প্রতিদিনই সেখানে ঢুকে খোঁজখবর নিতাম। মুক্তিযোদ্ধায় খেলা সানডে আমার ভালো বন্ধু। ওর কাছ থেকেও অনেক কিছু জেনেছি। নিশ্চয়ই এর আগেও হ্যাটট্রিক পেয়েছেন ক্যারিয়ারে?কিংসলে: অনেক হ্যাটট্রিক করেছি। সর্বশেষ নাইজেরিয়ার চ্যাম্পিয়নস লিগে আমার হ্যাটট্রিক আছে। আপনি বললেন, সুইজারল্যান্ড-দক্ষিণ আফ্রিকায় খেলেছেন। কিন্তু বাংলাদেশে এলেন কেন?কিংসলে: সবার ক্যারিয়ারে উত্থান-পতন আছেই। আমারও তেমন যাচ্ছিল। তাই এসেছি। বাংলাদেশ লিগটা তো ভালোই। প্রতিদিনই কঠিন কঠিন ম্যাচ হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। এখানে খেলে আমি খুশি। কী মনে হয়, বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হবে কারা?কিংসলে: এটা বলা খুবই কঠিন। কারণ, প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। যত দূর শুনেছি, গতবার তুলনামূলক সহজ ছিল লিগটা। কিন্তু এবার প্রায় প্রতিদিনই বড় দলগুলো পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ছে। এতে আমার মনে হয়, বাংলাদেশ আগামীতে অনেক ভালো প্লেয়ার পাবে। লিগে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী?কিংসলে: লিগে ২২টা গোল করতে চাই। চারটা করেছি। ১৮টা করতে হবে। আর আরামবাগকে সেরা ছয়ে দেখতে চাই। ২২ গোল কেন? ২৫ বা ২০ নয় কেন? কিংসলে: এটা আমার ব্যক্তিগত একটা লক্ষ্য। কোনো কারণ নেই। সুবিধা হলো, আরামবাগে কেউ চাপ দেয় না। নিজের মতো খেলা যায়।