‘লিজ অ্যান্ড ডিক’-এ বাটলারকে চাইছেন লিন্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের তারকা প্রয়াত এলিজাবেথ টেইলর এবং রিচার্ড বার্টনের নাটকীয় প্রেম উপাখ্যান নিয়ে নির্মিতব্য ‘লিজ অ্যান্ড ডিক’-এ টেইলরের ভূমিকায় অভিনয় করছেন লিন্ডসে লোহান। এ ছবিতে রিচার্ড বার্টনের চরিত্রে কে অভিনয় করবেন এখন পর্যন্ত তা চূড়ান্ত না হলেও, চরিত্রটিতে জেরার্ড বাটলারকে চান লিন্ডসে। সম্প্রতি লিজ অ্যান্ড ডিক ছবিতে বাটলারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন লিন্ডসে লোহান। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ‘এই ছবিতে সহ-অভিনেতা হিসেবে বাটলারই আমার প্রথম পছন্দ। কারণ, তাঁর চেহারা দেখলেই রিচার্ড বার্টনের কথা খুব বেশি মনে পড়ে আমার।’অবশ্য টেলিভিশনের জন্য নির্মিতব্য ছবিটিতে অভিনয়ের জন্য বাটলার চুক্তি স্বাক্ষর করবেন কি না সেটা নিশ্চিত নন লিন্ডসে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি ঠিক জানি না, তিনি রাজি হবেন কি না।’উল্লেখ্য, একটা সময়ে ২৫ বছর বয়সী লিন্ডসে এবং ৪২ বছর বয়সী বাটলারকে ঘিরে প্রেমের গুঞ্জন উঠেছিল। ২০০৯ সালে মরক্কোর একটি পার্টিতে এই জুটির ঘনিষ্ঠ নাচ নজর কেড়েছিল সবার। সেই পার্টিতে একে অপরকে চুমুও খেয়েছিলেন তাঁরা। পরের বছর বেভারলি হিলসে একটি পার্টিতেও একে অপরকে পটানোর চেষ্টা করেন তাঁরা। পার্টি শেষে সেখান থেকে তাঁরা একসঙ্গে বেরিয়েও যান।