‘লিমন ধৈর্য ধরো, ন্যায়বিচার উঠে যায়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্র লিমন হোসেনের পা হারানোর জন্য দায়ী র্যাবের সদস্যদের আইনের মুখোমুখি করা রাষ্ট্রের কর্তব্য বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। আজ রোববার লিমন হোসেন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।আজ দুপুরে সংযোজন করা কৃত্রিম পায়ে হেঁটে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে ঢোকে লিমন। সঙ্গে ছিলেন তাঁর বাবা তোফায়েল হোসেন ও মা হেনোয়ারা বেগম। তাঁদের বসতে দেওয়া হয় কমিশনের সম্মেলনকক্ষে। একটু পর কমিশনের চেয়ারম্যান সম্মেলনকক্ষে ঢোকামাত্রই লিমন তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।কাঁদতে কাঁদতেই জীবনের দুর্দশাগুলো এ নিঃশ্বাসেই বলে ফেলে লিমন। সে বলতে থাকে, ‘সবাই আসল পা নিয়ে কত সুন্দর হাঁটছে। আর আমি নকল পা দিয়ে কষ্ট করে হাঁটি। আমার গ্রামে তো চারদিকে কাদা-পানি, আমি এই পা নিয়ে কীভাবে সেখানে হাঁটব। তার ওপর দুইটা মামলার হাজিরা দিতে হচ্ছে। ওদের (র্যাবের কথিত সোর্স) ভয়ে বাড়িও যাইতে পারতেছি না। সুস্থ হয়ে হাসপাতালে পড়ে রইছি। সুস্থ মানুষ কী হাসপাতালে থাকে স্যার?’লিমনকে জড়িয়ে ধরে কমিশনের চেয়ারম্যান সান্ত্বনা দেন। তিনি বলেন, ‘লিমন, তুমি ধৈর্য ধরো। দেশ থেকে তো আর ন্যায় বিচার উঠে যায়নি। ন্যায়বিচারের পরিপন্থী হলে আমরা উচ্চ আদালতে দাঁড়াব তোমার জন্য। কিন্তু মামলাগুলোর একটা আইনি প্রক্রিয়া আছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব, এই মিথ্যা মামলাগুলো থেকে যেন তুমি অব্যাহতি পেতে পারো; আগের মতো লেখাপড়া করতে পারো। দেশের শুভবুদ্ধির সব মানুষই তোমার সঙ্গে আছে।’পরে মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘লিমন কৃত্রিম পায়ে ভর দিয়ে হেঁটে এখানে এসেছে, এতে আমরা আবেগাপ্লুত হয়ে পড়েছি। এটা তার নতুন জীবনের পথে পা বাড়ানো।’চেয়ারম্যান বলেন, ‘এখন পর্যন্ত সরকারি কোনো তদন্তেই লিমন যে সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত, এ অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে যে মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো দুটি মামলা দায়ের করা হয়েছে। আমরা আশা করি, নিম্ন আদালত থেকেই লিমন ন্যায়বিচার পাবে। তাকে সাজানো মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হবে। যদি তা না হয় তাহলে, মানবাধিকার কমিশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ আদালতে লিমনকে সব রকম আইনি সহায়তা দেওয়া হবে। আমার বিশ্বাস, উচ্চ আদালত থেকে আমরা খালি হাতে ফিরব না।’যারা লিমনের এ দুরবস্থার জন্য দায়ী, তাদের বিচার হবে কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘অবশ্যই তাদের আইনের মুখোমুখি হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে, ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রের উচিত হবে, তাদের আইনের মুখোমুখি করে প্রাপ্য শাস্তি দেওয়া। তা না হলে এ বিষয়টি প্রতিষ্ঠিত হবে যে অন্যায় করেও পার পাওয়া যায়।’গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের গুলিতে আহত হলে লিমনের এক পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় লিমনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি পৃথক মামলা করে র্যাব। এ ঘটনায় লিমনের মা র্যাবের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেও সেই মামলার তদন্ত গতিহীন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন লিমনের মা।