‘লিমনের বিষয়ে উপদেষ্টার কথাই সরকারের বক্তব্য’
র্যাবের গুলিতে পা হারানো লিমন ও তার বাবা সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত—প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার এ মন্তব্য সরকারেরও বক্তব্য। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উপদেষ্টার এই বক্তব্যকে সম্মানের সঙ্গে দেখা উচিত এবং তিনি যে বক্তব্য দিয়েছেন, তা সরকারের বক্তব্য বলেই গণ্য করা উচিত।’গতকাল রোববার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাহারা খাতুনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।লিমনের বাবা সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত বলে উপদেষ্টার দেওয়া বক্তব্যের পক্ষে সরকারের কাছে কোনো প্রমাণ আছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে বলতে আমি বাধ্য নই।’সাহারা খাতুন বলেন, লিমনের মামলা বিচারাধীন রয়েছে। যে কেউ এই মামলা নিয়ে বক্তব্য দিতে পারেন, মন্তব্য করতে পারেন। এতে তদন্তকাজ বাধাগ্রস্ত হবে না।ঘটনা তদন্তের আগে উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের এ ধরনের বক্তব্য তদন্তকাজে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে কোনো প্রভাব ফেলবে না। সময় হলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।তদন্তের জন্য আরও সময় প্রার্থনা: র্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা তদন্তে আরও এক সপ্তাহ সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তদন্ত কর্মকর্তা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর গত রাতে প্রথম আলোকে বলেন, সময় চেয়ে তিনি সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।তদন্ত কর্মকর্তা জানান, এ পর্যন্ত প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লিমন ও তার বাবাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। গত ২৯ এপ্রিল থেকে তদন্তকাজের জন্য ১৫ দিন সময় নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় এ আবেদন করা হয়েছে বলে জানান তিনি।মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক: এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরিয়ার্টিকে তিনি জানিয়েছেন, মানব পাচার প্রতিরোধ আইন খুব শিগগির পাস করা হবে। অন্যদিকে মরিয়ার্টি বৈঠকের বিষয়ে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে।রাঙামাটির বরকলে হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী কোনো মন্তব্য করেননি।উপদেষ্টার বক্তব্য দুঃখজনক: লিমন ও তার বাবা সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের বক্তব্যকে দুঃখজনক বলেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক তবারক হোসেইন গতকাল বিবৃতিতে বলেন, এতে করে বিচারাধীন মামলার ন্যায়বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।বিবৃতিতে বলা হয়, লিমন-সম্পর্কিত সংবাদ প্রকাশের কারণে একটি জাতীয় দৈনিকের সম্পাদকের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে, তা গণতান্ত্রিক ও অবাধ তথ্যপ্রবাহের পরিপন্থী। তাঁরা বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছেন।