‘লুকিয়ে খেলতে আসতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পর্বে হ্যাটট্রিক করেছে, চূড়ান্ত পর্বে দুই ম্যাচে করেছে ৪ গোল। টানা দ্বিতীয়বার ম্যাচসেরার পুরস্কার জিতেছে নারায়ণগঞ্জ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ মিঠু। স্কুল ফুটবলে আলাদা করে নজরকাড়া ১৪ বছর বয়সী এই মিডফিল্ডার কথা বলল কাল প্রথম আলোর সঙ্গে টানা দুই ম্যাচে তুমি ম্যাচসেরা। স্কুলকে ফাইনালে তুলতে একটি গোল করেছ। খুব খুশি লাগছে না তোমার?মোহাম্মদ মিঠু: খুবই ভালো লাগছে আমার। অন্য রকম আনন্দ লাগছে। আমাদের প্রতিপক্ষ কিন্তু অনেক কঠিন ছিল। তার পরও আমরা ম্যাচটা জিতে ফাইনালে উঠলাম। তুমি নাকি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে ফুটবল খেলতে আসতে? মা-বাবার ভয়েই কি এমন করতে?মিঠু: তখন আমি ক্লাস থ্রি-ফোরে পড়ি। বাবা আমাকে কাজে যেতে বলতেন। কিন্তু যেতাম না। আমাদের বাড়ির পাশের বন্ধন ফুটবল একাডেমির মাঠে গিয়ে বসে থাকতাম। ভাবতাম, যদি ওদের মতো খেলতে পারতাম। আমাকে দেখে একদিন কোচ সুজন ভাই (মাহমুদুল হোসেন) ডেকে বললেন, তুই খেলবি? প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম। পরদিন বিকেলে মাঠে গেলাম। আমার খেলা দেখে আমাকে কেডস দিলেন, জার্সি দিলেন। প্রতিদিন আসতে বলতেন। কিন্তু প্রতিদিন বাড়িতে বলে আসতে পারতাম না। তাই লুকিয়ে খেলতে আসতাম। তোমার বাবা কিসের কাজ করতে বলতেন?মিঠু: আমি খুব অভাবী পরিবারের সন্তান। আমাদের সংসারে অভাব লেগেই থাকত। তিন বেলা খেতে পারতাম না ঠিকমতো। বাবা শহরে পাইপ ফিটিংয়ের কাজ করেন। একদিন আমার বড় ভাইকে স্কুল থেকে ছাড়িয়ে কাজে নিয়ে গেলেন। আমাকেও সেই কাজেই যেতে বলতেন।  তুমি তো অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে ডাক পেয়েছিলে?মিঠু: হ্যাঁ। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে ট্রায়াল দিয়ে টিকে গেলাম। এরপর ইরানে ফুটবল ফেস্টিভ্যালে খেলতে গিয়েছি। সেখানে অধিনায়কত্ব করেছি। এবার অনূর্ধ্ব-১৫ দলের ক্যাম্পেও আছি। মুন্না, এমিলি, গাউস, জাকির, সুজন, ওয়ালি ফয়সালসহ অনেক খেলোয়াড়ই উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে। তুমিও নিশ্চয়ই বড় ফুটবলার হতে চাও?মিঠু: (হাসি)। আমি ওনাদের সবার কথা জানি। ওয়ালি ভাই, সুজন ভাইয়েরা আমাদের থেকে অনেক দূরে প্র্যাকটিস করেন। আমি মাঝেমধ্যে গিয়ে ওনাদের প্র্যাকটিস দেখি। আর তাঁদের মতো বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখি। জাতীয় দলে একদিন খেলতে চাই আমি। ম্যাচসেরার পুরস্কার হিসেবে নতুন বুট পেলে। কেমন লাগছে?মিঠু: খুবই ভালো লাগছে। আমার বুটটা তত ভালো না। এক জোড়া ভালো বুটের জন্য কত কেঁদেছি। আমি নতুন নতুন খালি পায়েই প্র্যাকটিস করতাম। আমার বাবার দামি বুট কিনে দেওয়ার সামর্থ্য নেই। অনেক সময় বড় ভাইদের বুট চেয়েছি, হুজ চেয়েছি। বলতাম, ভাই আমাকে এক জোড়া বুট দেন। আমার একটা জার্সি দেন। প্র্যাকটিস করব। অনেকেই দিতেন। খালি পায়ে খেলা তো বেশ কষ্টের...মিঠু: খালি পায়ে খেলতে গেলে ব্যথা লাগত। কান্নাকাটি করতাম। তখন আমাদের কোচ সুজন ভাই আমাকে টাকা দিতেন। তোমার প্রিয় খেলোয়াড় কে?মিঠু: স্পেনের ডেভিড সিলভা। আমি মিডফিল্ডে খেলি, সিলভাও মিডফিল্ডার। আমি তাঁর খেলার স্টাইল ফলো করি।  ফাইনালে তো উঠলে। চ্যাম্পিয়ন হতে পারবে?মিঠু: বৃষ্টির জন্য কমলাপুরের এই মাঠে ভালো খেলতে পারিনি। ওই দিন মাঠ যদি ভালো থাকে, আর আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, ইনশাআল্লাহ, আমরাই চ্যাম্পিয়ন হব।