‘লেখাপড়ার জন্য ভ্যান চালাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহেল ইসলাম কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার একজন নিয়মিত ছাত্র। ২০০৮ সালে কালকিনি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ‘বি’ গ্রেড পেয়ে এসএসসি পরীক্ষায় পাস করেন। তার ভাই রমজান (১২) ষষ্ঠ শ্রেণীতে ও বোন পাপিয়া (৯) তৃতীয় শ্রেণীতে পড়ে। বাবা মানিক বেপারী তিন সন্তানের লেখাপড়ার খরচসহ পাঁচজনের সংসারের দৈনন্দিন খরচ জোগাতে হয়। কিন্তু তাঁর একার পক্ষে এত টাকা জোগান দেওয়া সম্ভব নয়। তাই আর্থিক অনটনের কারণে বাবা ও ছেলে দুজনই ভ্যান চালায়। বাবার আয়ে চলে সংসার আর সোহেলের উপার্জনে চলে পড়াশোনার খরচ। সোহেলের বাবা মানিক বেপারী বলেন, ‘অনেক কষ্ট কইরা সোহেলেরে ম্যাট্রিক পাস করাইছি। কলেজে পড়াশোনার সামর্থ্য আমাগো নাই। তাই কই ছিলাম পড়াশোনা না করতে। কিন্তু সোহেল তাতে রাজি না অইয়া মালিকের থ্যাকা ভ্যান ভাড়া নিয়া চালায়। তিন ভাইবোনের পড়াশোনার খরচ জোগায়।’ মা রেণু বেগম বলেন, ‘পড়তে না কইছিলাম। কিন্তু সোহেলে তা হনে নাই। এহোন ভ্যান চালাইয়া লেহাপড়ার খরচ জোগায়।’সোহেল ইসলাম বলে, ‘যত কষ্টই হোক, আমি পড়াশোনা বাদ দেব না। লেখাপড়ার জন্য ভ্যান চালাই, এতে লজ্জার কিছুই নেই। বরং আমি গর্ববোধ করি। কোনো সহপাঠী আমাকে নিয়ে উপহাস করে না বরং আমাকে উত্সাহ দেয়। বিভিন্ন সময় পড়াশোনার ব্যাপারে সাহায্য করে।’