লোকবলের অভাবে তাঁদের কাজে সমস্যা হচ্ছে বলে জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল মঙ্গলবার কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমস্যার কথা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলা হয়।কমিশনের সদস্যরা তাঁদের কার্যালয় ও লোকবলের সমস্যা নিরসনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহযোগিতা চান।রাষ্ট্রপতির কাছ থেকে ফিরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এর চেয়ারম্যান মিজানুর রহমান ও স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক। মিজানুর রহমান জানান, রাষ্ট্রপতি কমিশনকে যথাযথ সাহায্য-সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে আইনে কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, তা প্রয়োগ করতে বলেছেন।কমিশনের চেয়ারম্যান বলেন, লোকবলের অভাবে কমিশনের কাজে নানা সমস্যা হচ্ছে। কমিশনে এখন পর্যন্ত কোনো গবেষণা সেল নেই, গবেষক নেই। আইনমন্ত্রীর কাছে কমিশনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়েছে।মিজানুর রহমান জানান, দরিদ্র মানুষ যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছে কি না, তা দেখতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ঝটিকা পরিদর্শন চালাবে কমিশন। আগামী সপ্তাহ থেকেই এই পরিদর্শন শুরু হবে। চিকিৎসক উপস্থিত নেই বা রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না—এমন দেখা গেলে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ করা হবে।এক প্রশ্নের জবাবে কমিশনের স্থায়ী সদস্য রিয়াজুল হক জানান, প্রকল্পের লোকবল ও কমিশনের সদস্য বাদে ১০ জন কর্মচারী ও চারজন কর্মকর্তা আছেন। অচিরেই বিভিন্ন প্রকল্পের লোক নিয়োগ দেওয়া হবে। সরকার কমিশনের জন্য ২৮ জন লোক নিয়োগের অনুমোদন দিয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন আইন অনুযায়ী মানবাধিকার-সংক্রান্ত কোনো বিষয়ে আদালতে মামলা হলে কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারে না। এ কারণেই বিএনপির নেতা চৌধুরী আলমের ‘অন্তর্ধান’ নিয়ে কমিশন উদ্যোগ নিতে পারেনি।