ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ তাঁর কাছে নতুন কিছু নয়, নতুন কিছু নন বাংলাদেশের ক্রিকেটাররাও। তবে চিটাগং কিংসের হয়ে বিপিএলে খেলার অভিজ্ঞতা কিছু নতুনত্ব তো দেখাচ্ছেই জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিপিএল কেমন উপভোগ করছেন?ব্রেন্ডন টেলর: টুর্নামেন্টটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, কাজেই উপভোগ তো করছিই। বাকি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে টুর্নামেন্টটা যেকোনো দিকে যেতে পারে। বিপিএলে বেশির ভাগই বাংলাদেশের খেলোয়াড় এবং এই ক্রিকেটাররাই আন্তর্জাতিক ক্রিকেটে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী। আরেকটি বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের আগে তাঁদের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন?টেলর: স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো বোঝাপড়া আমার। ওদের বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছি, হয়তো সেটাই কারণ। অনেকের সঙ্গে ভালো বন্ধুত্বও আছে। নিজেদের মধ্যে কিছু লড়াই তো খুবই মজার। আমার বিশ্বাস, লড়াই এবং বন্ধুত্ব দুটিই বজায় থাকবে আমাদের মধ্যে। জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে এখানকার ক্রিকেটের কী পার্থক্য দেখছেন?টেলর: এখানে আমি অনেকবারই এসেছি, অনেক ম্যাচই খেলেছি। আমাদের দেশে খেলার সঙ্গে এখানে খেলার পার্থক্য তো আছে। বিশেষ করে, এখানকার খেলোয়াড়দের সঙ্গে মেশাটা তো চ্যালেঞ্জই। তবে ওদের ব্যাপারে ভালো ধারণাও পাচ্ছি। বিপিএলে তো ভালো রানও পাচ্ছেন...টেলর: এটা দারুণ। এখনো অনেক খেলা বাকি। কাজেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যেতে হলে দল হিসেবে আমাদের সবাইকেই কিছু না-কিছু করতে হবে। বিপিএলে জিম্বাবুয়ের অন্য ক্রিকেটাররাও মোটামুটি ভালো খেলছেন। কেমন লাগছে সেটা দেখে?টেলর: এখানে জিম্বাবুয়ের বেশির ভাগ খেলোয়াড় ওপরের দিকে খেলছে আর এখানে নতুন বলে ব্যাটিং করাটা বেশ সহজ। সে তুলনায় মাঝামাঝি সময়ে ব্যাট করা কঠিন। জিম্বাবুইয়ানরা ভালো খেলছে দেখে আসলেই খুব ভালো লাগছে। তবে উইকেট পুরোনো হচ্ছে, আস্তে আস্তে টার্নও বাড়ছে। টুর্নামেন্ট যত এগোবে, কাজটাও তত কঠিন হবে। টি-টোয়েন্টি ক্রিকেটের একটা জোয়ার চলছে এখন। কিন্তু এই ক্রিকেট কি আসলেই খেলার গুণগত মান বাড়াচ্ছে?টেলর: অবশ্যই। এখানে খেলাও অনেক কঠিন। তা ছাড়া ভিন্ন ভিন্ন কন্ডিশনে আপনি যত বেশি খেলবেন, ততই আপনার উপকার হবে। সেদিক দিয়ে এসব টুর্নামেন্ট সাহায্য তো অবশ্যই করে। বাংলাদেশে টানা এত দিন ধরে আছেন। এখানকার জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত হতে সমস্যা হচ্ছে না?টেলর: না। বেশ কিছুদিনই তো হয়ে গেল এখানে আছি। এর আগেও বেশ কয়েকবার এসেছি। বাংলাদেশের জীবনযাপনের সঙ্গে আমি বেশ অভ্যস্ত বলতে পারেন। আমাদের দেখভালও খুব ভালো হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি সব সময়ই চেষ্টা করছে যেন আমরা নিজেদের মতো করে থাকতে পারি। কাজেই বাংলাদেশে এসে থাকাটা এখন আর কঠিন নয়। চট্টগ্রামের গ্যালারি উপচে পড়া দর্শক দেখে কেমন লাগল?টেলর: চট্টগ্রাম আমাদের হোম গ্রাউন্ড। শুরুতে দুই ম্যাচ হারলেও ওখানে শেষ দুই ম্যাচে আমরা জিতেছি। আমার মনে হয়েছে, সব শহরেই উইকেট প্রায় একই রকম। তবে ঢাকায় কাজটা আবারও চ্যালেঞ্জিংই হবে। ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পাওনা বুঝে পাচ্ছেন ঠিকমতো?টেলর: মালিকের ওপর আমাদের আস্থা আছে। আগামী কিছুদিনের মধ্যেই উনি আমাদের পাওনা বুঝিয়ে দেবেন।