একটি শক্তিশালী জাতীয় ফুটবল দল গড়তে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি নতুন আশা-উদ্দীপনায় কাজ শুরু করেছে। পরশু ৮১ ফুটবলার নিয়ে শুরু হয়েছে ১০ দিনের ক্যাম্প। এরপর কী? জাতীয় দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির নতুন প্রধান বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ গত আট মাস জাতীয় দলের কোনো কার্যক্রম ছিল না। আপনার কমিটি দায়িত্ব নিয়ে জাতীয় দলের জন্য কী ধরনের পরিকল্পনা নিয়েছে? কাজী নাবিল আহমেদ: আগামী ছয় মাসের মধ্যে আমাদের তিনটি অ্যাসানইমেন্টের সম্ভাবনা আছে। একটি রাশিয়াতে অনূর্ধ্ব-১৮ দল, এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ এবং মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণ (দিল্লিতে এসএ গেমস কবে হবে চূড়ান্ত নয়)। আমরা এখন মূল জাতীয় ও অনূর্ধ্ব-১৮ দল গড়ব। এর জন্য চারটি টিম ডাকা হয়েছে ক্যাম্পে। বাফুফে ভালো কাজের ধারাবাহিকতা রাখতে পারেনি অতীতে। এই ক্যাম্পের ধারাবাহিকতা থাকবে?নাবিল: আপাতত এই ক্যাম্প হচ্ছে ১০ দিনের। আমরা খেলোয়াড় বাছব ৩৫-৪০ জন। চেষ্টা করছি জাতীয় দলকে আগামী মাসে শ্রীলঙ্কায় পাঠাতে, যাতে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলা যায়। এই সফরে আপাতত স্থানীয় একজন সিনিয়র কোচকে দায়িত্ব দেওয়া হবে। অক্টোবর নাগাদ বিদেশি কোচ আনার চেষ্টা চলছে। এত দিন বাফুফে কোনো টুর্নামেন্ট সামনে রেখে যেনতেন প্রস্তুতি নিয়ে দল পাঠাত। আপনার কমিটি চার বছর দীর্ঘ মেয়াদে কোনো পরিকল্পনা করবে? নাবিল: আমাদের একটা পরিকল্পনা নিশ্চয়ই থাকবে। প্রতিবছর দলবদলের আগের সময়টায় জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোর ক্যাম্প করতে চাই। জাতীয় দল আমাদের কর্মকাণ্ডের দর্পণ। এটার মাধ্যমেই লোকে বাংলাদেশের ফুটবলের চিত্রটা দেখবে, বুঝবে। তবে এক দিনে সব হয়ে যাবে না। কিন্তু কথা হলো, আপনারা কতটা সক্রিয় থাকবেন? নাবিল: আমরা অবশ্যই সক্রিয় আছি এবং থাকব। গত চার বছরে সাফল্য যেমন আছে, ব্যর্থতাও আছে। এসএ গেমসে চ্যাম্পিয়ন, লেবাননকে হারানো—এসব সাফল্যই। ব্যর্থতা হচ্ছে, সাফ ফুটবলেই আবার আমরা সপ্তম হয়েছি। অনেক কোচ এসেছেন, গেছেন। এখন চেষ্টা থাকবে যাতে এগুলো না হয়। আগের কমিটি জাতীয় দলের জন্য ম্যাচ ফি, বোনাস, ইনস্যুরেন্স চালু করেও তা অব্যাহত রাখতে পারেনি। আপনারা চালু করবেন?নাবিল: খেলোয়াড়দের পেমেন্ট স্কিমে আনা, ইনস্যুরেন্স, হেলথ কেয়ারের ব্যবস্থা করতে গেলে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের সাধ থাকলেও আর্থিক সমস্যা অনেক। এ অবস্থায় ফেডারেশনকে আরও শক্তিশালী হতে হবে। সরকারের সহযোগিতা দরকার। আবাহনী ক্লাব পরিচালনায় আপনার একটা বড় ভূমিকা আছে। বাফুফের কর্মকর্তা হিসেবে একটি শক্তিশালী জাতীয় দল গড়তে পারবেন? নাবিল: আমাদের লিগ চলছে পেশাদারভাবে, জাতীয় দলও সেভাবে চলা উচিত। সীমাবদ্ধতার মধ্যে যতটা সম্ভব আমরা তা করতে চাইব। অবশ্যই শক্তিশালী জাতীয় দল গড়তে হবে আমাদের। গতবার নেহরু কাপে যায়নি বলে এবার বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। বিদেশে খেলতে না চাওয়ার সংস্কৃতিটা কি বদলাবে? নাবিল: বিদেশে আমাদের অংশগ্রহণ বাড়ানো উচিত। নাগালের মধ্যে থাকা টুর্নামেন্টগুলোতে যেতে চাইব। বছরে যে কটা সম্ভব প্রদশর্নী ম্যাচ খেলতে চাই। এ ব্যাপারে ফেডারেশনের প্রেসিডেন্ট সাহেব বিরাট উদ্যোগ নিচ্ছেন। এ জন্য খেলোয়াড়, ক্লাব, কোচ ও সরকারের সহযোগিতা চাই। বিদেশি কোচ নিয়ে কৌতূহল থাকছেই। এ নিয়ে একটু খুলে বলবেন? নাবিল: নামকাওয়াস্তে নয়, বিদেশি কোচিং স্টাফ আনব আমরা। এটুকু বলতে পারি, ইংল্যান্ড ও পূর্ব ইউরোপের চার-পাঁচজন কোচের সঙ্গে কথা চলছে।