‘শতবর্ষী হোন মাসিমা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবারে বাসের ভালো নইলে মনের কালো ঘুচবে না রে!’—এ ব্রত এবং বিশ্বাস থেকে যিনি কাজ করে যাচ্ছেন, তিনিই অঞ্জলি বালা। ফরিদপুরের শিশু সংগঠন ফুলকির সভানেত্রীও তিনি। দেশের প্রতিটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি ভূমিকা রাখছেন, এগিয়ে আসছেন যেকোনো মানবিক সংকটে। বয়সভেদে ফরিদপুরে কারও কাছে তিনি মাসিমা, কারও কাছে দিদা, আবার কারও কাছে নারীনেত্রী। অঞ্জলি বালার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চত্বরে ‘অপরাজিত ৭৫’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ফরিদপুর শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে ‘অঞ্জলি বালা পঞ্চসপ্ততিতম জন্মোৎসব উদ্যাপন পর্ষদ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে শিশুরা অঞ্জলি বালাকে ফুল, চন্দন দিয়ে জন্মদিনের সাজে সাজিয়ে দেয়। শিল্পীরা সমেঞ্চলক কণ্ঠে গেয়ে শোনান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। এরপর একে একে গান আবার এর ফাঁকে ফাঁকে অঞ্জলি বালাকে শুভেচ্ছা জানিয়ে কথা বলা। এভাবেই চলতে থাকে অনুষ্ঠান। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষাবিদ আলতাফ হোসেন। কথা বলেন, জন্মোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শাহজাদী বেগম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুরোধা ব্যক্তিরা: জাহাঙ্গীর খান, ইকবাল হোসেন, সৈয়দ মোদাররেছ আলী, খাদিজা বেগম, শেখ আবদুস সামাদ, মফিজ ইমাম, আসমা আক্তার, সিরাজুল আজম ও অঞ্জলি বালার বড় ভাই বিজন বিশ্বাস প্রমুখ।বক্তাদের সবারই ছিল এক চাওয়া, ‘শতবর্ষী হোন মাসিমা’। চট্টগ্রাম ফুলকির পক্ষ থেকে আবুল মোমেন ও শিলা মোমেন জানান ফুলের শুভেচ্ছা। ফুলকির খুদে শিশুরা, ‘মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’ ও ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’-এ গান ও কবিতার সঙ্গে নাচ পরিবেশন করে। ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব ইউনিট এ উপলক্ষে রক্তদান কর্মসূচি পরিচালনা করে। খেয়া সাংস্কৃতিক সংস্থা প্রকাশ করে একটি ভাজপত্র। জন্মদিন উপলক্ষে ফুলকির শিশুদের আঁকা ২১টি ছবি প্রদর্শিত হয়। এ ছাড়া অঞ্জলি বালার জীবন ও কর্মের ওপর আলোকচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়।