‘শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে উপনিবেশ হিসেবে দেখেন’: সন্তু লারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, ‘দেশের শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে উপনিবেশ হিসেবে দেখেন।’ পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিশেষ শাসনব্যবস্থায় প্রশাসন পরিচালিত হওয়ার কথা থাকলেও চালানো হচ্ছে সেনাশাসন ‘অপারেশন উত্তরণ’। আর ডেপুটি কমিশনাররা ঔপনিবেশিক কায়দায় প্রয়োগ করছেন তাঁদের ক্ষমতা।তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই উন্নয়নের মূল শর্ত। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না।আজ শনিবার আদিবাসী উন্নয়নকেন্দ্র ও মালেইয়া ফাউন্ডেশন আয়োজিত ‘পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড: উন্নয়ন কার্যক্রম পরিচালনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে কাউন্টার ইনসার্জেন্সির জন্য। ১৯৯৬ সালের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্ডিন্যান্স ঢেলে সাজানো না হলে এবং পার্বত্য জেলা পরিষদগুলো দলীয়করণ মুক্ত করা না গেলে তা থেকে জনগণ সুফল পাবে না।সভাপতির বক্তব্যে রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদগুলো অবকাঠামোগত উন্নয়নের দিকে বেশি নজর দেয়। অথচ মানবসম্পদ, নারী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বা প্রকল্প গ্রহণে কোনো বাধা নেই। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মালেইয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন রাজা দেবাশীষ রায়। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সচিব আলতাফ হোসেন।সেমিনারে পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ তিন পার্বত্য জেলার শতাধিক উন্নয়নকর্মী অংশ নেন।