‘শাস্তি পাওয়াটাই গুরুত্বপূর্ণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের মতো গত পরশু সমারসেটের বিপক্ষেও আউট হলেন নব্বইয়ের ঘরে। প্রথমবারের মতো কাউন্টি খেলতে গিয়ে ভালোই পারফরম্যান্স করতে থাকা সাকিব আল হাসান ফোনে কথা বললেন নিজের পারফরম্যান্স, অভিজ্ঞতা, পাকিস্তানের কেলেঙ্কারিসহ নানা বিষয় নিয়ে আবার নব্বইয়ের ঘরে আউট হলেন...সাকিব আল হাসান: (হাসি) হ্যাঁ, কী আর করা! তবে এবার দলের জন্য ওই সময় মেরে খেলাটা দরকার ছিল। মেরে খেলতে গিয়েই বোল্ড হয়েছি। সেঞ্চুরি করতে হবে ভেবে খেললে হয়তো করে ফেলতে পারতাম। আর প্রথম ম্যাচে আসলে আমি আউট ছিলাম না। কিন্তু এ আর বলে লাভ কী! সব মিলে কাউন্টি কেমন উপভোগ করছেন?সাকিব: খুবই উপভোগ করছি। মোটামুটি ভালো পারফরম্যান্সও করছি। এ পর্যন্ত দলের প্রায় সব কটি জয়েই কিছু না কিছু অবদান রাখতে পেরেছি। এখন পর্যন্ত নিজের সেরা পারফরম্যান্স কোনটা মনে হয়?সাকিব: কালকের (পরশু) পারফরম্যান্সটা অন্যতম সেরা বলতে হবে। সমারসেটের বিপক্ষে বড় স্কোর করাটা সোজা কথা নয়। ওরা সর্বশেষ এখানকার টি-টোয়েন্টি রানার্সআপ। সারের বিপক্ষে ৬ উইকেটকেও রাখব। তবে কন্ডিশন, ম্যাচ-পরিস্থিতি বিবেচনায় গ্ল্যামরগনের বিপক্ষে যে ৪ উইকেট পেয়েছিলাম, সেটিই সেরা পারফরম্যান্স। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলার তো অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে?সাকিব: হ্যাঁ, সবচেয়ে ভালো অভিজ্ঞতা বলব এটাকেই। একই সপ্তাহে চরম বিপরীত সব কন্ডিশনে খেলতে হচ্ছে। কখনো টার্নিং উইকেট, পরের ম্যাচেই হয়তো খুব বাউন্সি উইকেট। সবচেয়ে বেশি মানিয়ে নিতে হচ্ছে এখানকার দ্রুত বদলাতে থাকা আবহাওয়ার সঙ্গে। কথা নেই, বার্তা নেই বৃষ্টি শুরু হয়ে যায়। মজার ব্যাপার হলো, হালকা বৃষ্টিতে খেলা বন্ধ হয় না। অবশ্য আমাদের বৃষ্টির সঙ্গে এদের বৃষ্টির একটু পার্থক্যও আছে। আমাদের ওখানকার মতো ঝুম বৃষ্টি হয় না এখানে। এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে কি ব্যাটিং-বোলিং স্টাইলে কোনো পরিবর্তন আনতে হচ্ছে?সাকিব: না, তা করছি না। নিজের খেলাটাই খেলতে চেষ্টা করছি। আর তাতে যখন পারফর্ম করতে পারছি, বদলানোর দরকার তো নেই। পাকিস্তানের ক্রিকেটারদের ‘স্পট ফিক্সিং’-এর ঘটনা তো শুনেছেন। প্রতিক্রিয়া কী?সাকিব: হ্যাঁ, ওই দিনই তো টিভিতে দেখলাম। প্রতিক্রিয়া আর কী? কেউ সত্যিই অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে। এই শাস্তি পাওয়াটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ক্রিকেটারদের এ ধরনের ঘটনা তো নতুন নয়। সেই সেলিম মালিকদের সময় থেকে শুরু করে নানা রকম কথা শোনা গেছে। কিন্তু আমার মনে হয়, পিসিবি কখনোই উপযুক্ত শাস্তি দেয়নি। সেটা দিলে আজ এসব ঘটনা ঘটানোর সাহস পেত না কেউ। ওখানে খেলোয়াড়দের মধ্যে এসব নিয়ে আলোচনা আছে?সাকিব: খুব বেশি না। প্রথম দিন সবাই শুনে একটু বিস্ময় প্রকাশ করেছিল। তারপর স্বাভাবিক। এখানে আসলে একটা ঘটনা নিয়ে বেশিক্ষণ আলোচনার সময় নেই। আপনার নিজের সময় কেমন কাটছে? দেশ মিস করছেন?সাকিব: তা তো মিস করছিই। ৩০-৩৫ দিন হয়ে গেল। দলের সঙ্গে ছাড়া এতদিন এর আগে কখনো দেশের বাইরে থাকিনি। তবে যতটা খারাপ লাগার কথা, তা লাগছে না। এখানে সময়টা উপভোগও করছি। রান্নাবান্না, বাজার করা...সাকিব: এই মাত্র ডিম কিনে নিয়ে এলাম। অমলেটটা করতে শিখেছি। একদিন আলু ভাজিও করেছিলাম। তবে বেশি রাঁধতে হয় না। বাসায়ই তো বেশি থাকি না। ডাল-ভাত খেতে ইচ্ছে হয় না?সাকিব: ইচ্ছে হলে এখানকার বাঙালি রেস্টুরেন্টে চলে যাই। তারা তো আমাকে পেয়ে খুবই খুশি। আমি আসার আগেই খোঁজখবর নিয়ে রেখেছে। আমি গেলে খুব আনন্দ পায়। ঈদ তো ইংল্যান্ডেই করতে হচ্ছে?সাকিব: হ্যাঁ। দেশে ফিরব ১৮ সেপ্টেম্বর। যদি ১০ তারিখে ঈদ হয়, তাহলে খেলার মধ্যেই থাকতে হবে। ১১ তারিখে হলে লন্ডনে যাব। ওখানে পরিচিতদের সঙ্গে ঈদ করব।