ঘরোয়া ফুটবল লিগে আগের তুলনায় এ বছর পাতানো ম্যাচ বেশি হচ্ছে বলে অনেকের অভিযোগ। বাফুফে সভাপতি খেলোয়াড়দের ডেকে নিয়ে পাতানো খেলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন কদিন আগে। এর পরও কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ ম্যাচ দেখে মাঠের উপস্থিত অনেকের সন্দেহ, ম্যাচটা সম্ভবত সমঝোতার ছিল। ম্যাচের পর এ নিয়েই কথা হলো মুক্তিযোদ্ধার অভিজ্ঞ স্ট্রাইকার শাহাজউদ্দিন টিপুর সঙ্গে খেলা দেখে মনে হলো মুক্তিযোদ্ধা ছেড়ে দিয়েছে ফরাশগঞ্জকে। কারণ, অবনমন বাঁচানোর জন্য ফরাশগঞ্জের জয় দরকার ছিল...শাহাজউদ্দিন টিপু: ছেড়ে দিয়েছে কি না বলতে পারব না। আমাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সবাইকে তো জানানোর দরকার হয় না। আপনাদের দলের এক-দুজনের মুখে শুনলাম তারাও বলছে, এটা সমঝোতার ম্যাচ...শাহাজউদ্দিন: কেউ দায়িত্ব নিয়ে বললে বলতে পারে। ব্যাপারটা এমন নয় যে ১১ জনকে জানিয়ে মাঠে নামানো হয়। সন্দেহ বেশি জাগছে আপনাদের গিনির স্ট্রাইকার রাফায়েলের কাণ্ড দেখে। গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারলেন তিনি... শাহাজউদ্দিন: বাইরে মেরেছে কি না সে জানে, আর ওপরওয়ালা জানে। আমি বলব সে মিস করেছে। মুক্তিযোদ্ধাকে দেখেই মনে হয়েছে, হারতে নেমেছে...শাহাজউদ্দিন: হারতে নামিনি আমরা। তবে আগেই অবনমন এড়ানো নিশ্চিত করে ফেলায় আমাদের মধ্যে গা-ছাড়া ভাব চলে এসেছে বলতে পারেন। সুযোগ পেয়েও আপনারা একটার বেশি গোল করলেন না কেন?শাহাজউদ্দিন: আমি এক গোল করার পর অন্তত ৪টা সুযোগ তৈরি করে দিয়েছি। গোল করানোর ইচ্ছা না থাকলে ওইভাবে বল দিতাম না। টোকা দিলে গোল, আপনি পারলেন না, আমি কী করতে পারি! মুক্তিযোদ্ধার রক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেল... শাহাজউদ্দিন: এই ম্যাচে আমি দর্শক আর আপনি খেলোয়াড় হলে আমিও এই প্রশ্নগুলো করতাম আপনাকে। আপনার প্রশ্নে আমি খুবই বিব্রত। তার চেয়ে বেশি বিব্রত ফরাশগঞ্জের কাছে ৫ গোল খেয়ে। বিব্রত হচ্ছেন জানি। কিন্তু পাতানো খেলা এবার অনেক বেশি হয়েছে, সেটা তো সত্য...শাহাজউদ্দিন: বর্তমান লিগের অবস্থা ইতিবাচক হলে এই প্রশ্নগুলো করতেন না। পাতানো লিগের ফুটবলার হিসেবে কেমন লাগে? শাহাজউদ্দিন: দর্শক হিসেবে অনেক খেলা দেখে হতাশ হয়েছি। বলব না পাতানো খেলা হয়েছে, কেউ এসে আমার কানে কানে বলেনি ওটা পাতানো। তবে অনেক খেলা দেখে আমার পছন্দ হয়নি। এখন আমার উপলব্ধি একটাই—আমাদের দেশে যে প্রবণতা আছে এটা অব্যাহত থাকলে মালয়েশিয়ার মতো অবস্থা হবে। বাফুফে সভাপতি খেলোয়াড়দের ডেকে নিয়ে পাতানো খেলার প্রতিবাদ করতে বলেছেন। খেলোয়াড়েরা তো কেউ কখনো প্রতিবাদ করছে না...শাহাজউদ্দিন: আসলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে। আমাদের এখানে শাস্তি পায় না কেউ। বড় বড় দেশে ক্লাব-খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুভেন্টাসের মতো দলকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। পাতানোমুক্ত ফুটবলের দাবিতে গ্যালারিতে দুটি ব্যানার টানিয়েছে একটি বড় দল। দর্শকও হতাশ। তারা আসছে না...শাহাজউদ্দিন: গত বছর কোটি টাকার সুপার কাপ হলো। জোরান জর্জেভিচ এলেন... এসএ গেমসে সোনা জিতলাম আমরা... এসব দেখে মহল্লার অনেক মানুষ আমার কাছে টিকিট চাইত। এখন তারা বলে, দূর ভাই মাঠে গিয়া কী হইব...পাতানো খেলা হইতেছে...।