‘শাহ আবদুল করিম: পাঠ ও পাঠকৃতি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
‘শাহ আবদুল করিম ছিলেন একাধারে বাউল ও গণগীতিকার। বাউলসম্রাটকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হোক। সিলেট নগরের কোনো রাস্তা কিংবা স্থাপনার নাম বাউলসম্রাটের নামে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ জানাই।’২১ আগস্ট বিকেল তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম সম্পাদিত শাহ আবদুল করিম: পাঠ ও পাঠকৃতি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ রকম দাবি উত্থাপন করে অনুষ্ঠান শুরু করেন মইনুদ্দিন আহমদ জালাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন অনিন্দিতা দাশ মম। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুরুতেই বইটির গুণগত মান ও নান্দনিক উপস্থাপনাটি বাংলাদেশের প্রকাশনা জগতে এক উল্লেখযোগ্য সংযোজন বলে অভিহিত করেন। বাউলসম্রাটের জীবন ও কর্ম নিয়ে এ ধরনের একটি কাজ ভবিষ্যৎ প্রজন্মকে মাটি ও মানুষের প্রতি ফিরে যেতে সাহায্য করবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শাহ আবদুল করিমকে অসাধারণভাবে উপস্থাপন করে কবি শুভেন্দু ইমাম সামাজিক দায়িত্ব পালন করেছেন। এ গ্রন্থটি শুধু পড়ার জন্য নয়, এটি সংগ্রহ করে রাখার মতো একটি বই। শুভেন্দু ইমামকে ধন্যবাদ।’বিশিষ্ট কবি ও সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাদিক বলেন, ‘প্রকাশিত গ্রন্থটি নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের। এটি প্রকাশিত হওয়ার কারণে বাংলা প্রকাশনাশিল্প আরও একটু সমৃদ্ধ হলো।’আলোচকের বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক-অনুবাদক সুরেশরঞ্জন বসাক বলেন, ‘করিম গবেষণার ক্ষেত্রে শাহ আবদুল করিম: পাঠ ও পাঠকৃতি প্রামাণ্য দলিল হিসেবে সমীহ আদায় করবে বলে আমাদের বিশ্বাস।’বাউলসম্রাট শাহ আবদুল করিমের একমাত্র ছেলে শাহ নূরজালাল বলেন, ‘সবার প্রচেষ্টায় শাহ আবদুল করিম বেঁচে থাকবেন—বইটি প্রকাশের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয়েছে।’ শাহ আবদুল করিম নিয়ে নিজের জীবনভর অনুভবের কথা বর্ণনা করেছেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। তিনি শুনিয়েছেন গ্রন্থটি সম্পাদনের আদ্যোপান্ত। তিনি বলেন, ‘শাহ আবদুল করিম ছিলেন স্বশিক্ষিত একজন মানুষ। বাল্যকালে নৈশবিদ্যালয়ে মাত্র আট দিনের পড়াশোনা সম্বল করে তিনি জীবন-জগৎ-ব্যক্তি-সমাজ সম্পর্কে, মানুষের ভবিষ্যৎ, মানুষের সব ধরনের সংকট সম্পর্কে জ্ঞান অর্জন করে লোকায়ত দার্শনিক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। মানুষের শ্রেয়োচিন্তায় তিনি সদা মগ্ন থাকতেন।’সভাপতির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন বলেছেন, গণমানুষের জন্য শাহ আবদুল করিম ছিলেন নিবেদিতপ্রাণ। অসাম্প্রদায়িক এ গীতিকবির গান তরুণ প্রজন্মকে মাটি ও মানুষের প্রতি মমতা তৈরি করতে সহায়তা করবে।