শাহ আলম, বিমলচন্দ্র তরফদারের পর বাংলাদেশের আর কেউ দক্ষিণ এশিয়ার দ্রততম মানব হতে পারেননি। বাগেরহাটের কিশোর মেজবাহ আহমেদ স্বপ্ন দেখে, তৃতীয় নামটি হবে তার। কাল শেষ হওয়া ২৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টসহ ৫টি সোনা জিতেছে সে। তবে সোনার সংখ্যাই নয়, বিকেএসপির নবম শ্রেণীর এই ছাত্রের কথাবার্তায়ও বেশ আত্মবিশ্বাস গতবারের মতো এবারও জাতীয় জুনিয়রে ভালো করেছে তুমি। ভবিষ্যতে কী করতে চাও?মেজবাহ আহমেদ: আমার প্রথম লক্ষ্য, আগামী ন্যাশনালে (জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা) ১০০ মিটারে সোনা জয়। এর পর আগামী সাফ গেমসে (দক্ষিণ এশীয় গেমস) সোনা জয় আমার বড় স্বপ্ন। অলিম্পিকের ফাইনালে দৌড়াতে চাই এর পর। তোমার মতো অনেক কিশোর-তরুণ এমন স্বপ্নের কথা বহুবার বলেছে। কিন্তু ঝরে গেছে। তুমি সত্যিই সাফে সোনা জিততে পারবে?মেজবাহ: ইনশাআল্লাহ আমি পারব। আপনারা দোয়া করেন, আমি এটা করে দেখাব। এ জন্য তুমি কী চাও?মেজবাহ: কিছু চাই না। বিকেএসপিতে আমার কোচ কাফি স্যার (সাবেক অ্যাথলেট আবদুল্লাহ হেল কাফি) প্র্যাকটিস করাবেন, আর আমি প্র্যাকটিস করব। এসএ গেমসে দ্রুততম মানব হতে চাইলে টাইমিং হতে হবে ১০.৩০-এর নিচে। বাংলাদেশের কোনো অ্যাথলেটেরই এই টাইমিং ছিল না কখনো। তোমার এখন কত?মেজবাহ: প্র্যাকটিসে ১০০ মিটারে আমার টাইমিং হয়েছে ১০.৭২। এই প্রতিযোগিতায় একটু বেশি লেগে গেছে। তবে আরও দুই বছর সামনে আছে। টাইমিং ১০.২-এর মধ্যে নিয়ে আসা সম্ভব। সেটাই আমার লক্ষ্য। শাহ আলমের নাম শুনেছ? মেজবাহ: হ্যাঁ, শুনেছি। উনি পরপর দুবার সাফে দ্রুততম মানব হয়েছেন। ওনাকে দেখার সৌভাগ্য হয়নি। তবে সাফে দ্রুততম মানব হয়ে মরহুম শাহ আলম স্যারকে মনে করাতে চাই। বিমল চন্দ্র তরফদারের (২০০৩ সাফে দ্রুততম মানব) সঙ্গে দেখা হয়েছে দিনাজপুরে। ওনার ভাগনে ওখানে আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। বিদেশ থেকে উনি তখন বেড়াতে এসেছিলেন। আমাকে বলেছিলেন, ‘গুড লাক।’ গতবার জুনিয়রে ১০০, ২০০ মিটার, হাইজাম্প ও রিলেতে সোনা জিতেছ। এবার ১০০, ২০০, লংজাম্প, হাইজাম্প, ট্রিপল জাম্পে ৫ সোনা। এত ভালো করার অনুপ্রেরণা পাও কোত্থেকে?মেজবাহ: বাবা-মা উৎসাহ দেন। মামা-মামি, আত্মীয়স্বজনের কাছ থেকেও উৎসাহ পাই। ওই দেখেন... (বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি) মা-বাবা, ভাইবোন, মামি বসে আছেন। মামা সাইফুল হাসান আমার পাশেই দাঁড়ানো। অসুস্থ থাকায় নানি আসতে পারেননি, নইলে তিনিও চলে আসতেন ঢাকায়। তোমাদের পরিবারের কথা বলো...মেজবাহ: বাবার মুদি দোকান আছে। পুকুর আছে, চিংড়ির চাষ করা হয়। বাড়ি বাগেরহাটের চিতলমারী। আমরা তিন ভাইবোন। আমি সবার বড়। এখন তো বেশির ভাগ ছেলেই ক্রিকেট খেলতে চায়। অনেকে খেলে ফুটবল। অ্যাথলেটিকসে তেমন কিছুই তো নেই। তবু কেন এসেছ এই খেলায়?মেজবাহ: ছোটবেলায় ক্রিকেট, ফুটবল খেলতাম। বাগেরহাটের আলইসলা একাডেমিতে পড়ার সময় অ্যাথলেটিকস করতাম। এর পর বাবা-মা বললেন, তুই অ্যাথলেটিকসই কর। তার পর ২০০৭ সালে ভর্তি হলাম বিকেএসপিতে (এখন নবম শ্রেণীতে পড়ি)। সেই শুরু। বিশ্বকাপ ফুটবল দেখবে এবার?মেজবাহ: হ্যাঁ, দেখব। ফুটবল আমার খুবই ভালো লাগে। ক্রিস্টিয়ানো রোনালদো আমার প্রিয় খেলোয়াড়। তাঁর ছবি পেলেই কেটে রেখে দিই।