সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিসেস দিলারা বেগম বলেন, ‘প্রাথমিক শিক্ষাকে আর্ন্তজাতিক মানের করতে হলে অবশ্যই শিক্ষকদের শিক্ষা দেওয়ার কাজে মনোনিবেশ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। কেননা এদেশে শিক্ষক অনুপাতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। অবকাঠামো সমস্যা রয়েছে। লেখাপড়া শেখানোর পাশাপাশি সরকার শিক্ষকদের নানা কাজে ব্যবহারও করছে।’ শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দরকার: লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী ইবনে হাসান বলেন, ‘মান সম্মত শিক্ষক তৈরি করা না পারলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষকদের মান সম্মত প্রশিক্ষণসহ তা যথাযথ বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করতে হবে।’ শিক্ষক বন্টনে বৈষম্য রয়েছে: সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অশোক শীল বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক বন্টনে বৈষম্য রয়েছে। শহরকেন্দ্রীক বিদ্যালয়গুলোতে সাধারণত সমাজের প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়স্বজনরা দীর্ঘদিন দখল করে থাকায় অন্য শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। ফলে তাঁরা শহরের বিদ্যালয়ে আসার জন্য প্রতিযোগিতায় নামে। অনেকে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের সহযোগিতা নেওয়ারও চেষ্টা করে।’ শিক্ষকেরা আন্তরিক নয়: সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সি আব্দুল মান্নান বলেন, ‘শিশুদের লেখাপড়া শেখানোর জন্য শিক্ষকরা আন্তরিক নয়। তাঁরা কেমন যেন কমার্শিয়াল মনোভাব নিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছে। এছাড়া শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখাসহ ঝড়ে পড়া শিশুদের গুরুত্ব দিয়ে স্কুলমুখি করতে না পারলে প্রাথমিক শিক্ষার মান কখনোই ভালো হওয়ার নয়।’চিত্তবিনোদনেরও প্রয়োজন রয়েছে: বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, ‘বর্তমানে বেশিরভাগ অভিভাবক তাঁর সন্তানকে শুধুই বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান। কিন্তু শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ চিত্তবিনোদনেরও প্রয়োজন রয়েছে তা মোটেই ভাবেন না। লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি করতে হবে।’