‘শিরোপা জেতা সহজ হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ম্যাচে ১৭ উইকেট পেয়ে বোলারদের মধ্যে ৪ নম্বরে। কিন্তু ব্যাট হাতে মাত্র ১৩৯ করে সেরাদের ধারেকাছেও নেই। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে প্রিমিয়ার লিগের এই পারফরম্যান্সটা না মানালেও খুশি সাকিব আল হাসান। তাঁর দল ভিক্টোরিয়া যে পাচ্ছে শিরোপার সুবাস! প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত নিজের পারফরম্যান্সে কতটা খুশি?সাকিব আল হাসান: বোলিং তো ভালোই হচ্ছে। তবে ঘরোয়া ক্রিকেটে কখনোই রান পাই না আমি। এবারও পাচ্ছি না। এ নিয়ে খুশি-অখুশির কিছু নেই। দল জিতছে, এতেই খুশি আমি। তার পরও, আপনি বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার। নিজেরও তো একটা প্রত্যাশা থাকে নিজের কাছে...সাকিব: নিজের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। ঘরোয়া ক্রিকেটে কখনো চ্যাম্পিয়ন দলে খেলিনি বা আমার দল চ্যাম্পিয়ন হয়নি। এবার যদি ভিক্টোরিয়া চ্যাম্পিয়ন হয়, তাহলেই ভালো লাগবে। ভিক্টোরিয়া এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছে। নতুন এই দলের অধিনায়কত্ব কেমন উপভোগ করছেন?সাকিব: অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত খুশি, ভালো লাগছে। শিরোপা জেতার আশা করেন?সাকিব: অবশ্যই। তবে লিগ পর্বে এখনো দুটি ম্যাচ বাকি, দুটিই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। লিগ পর্বটা শীর্ষে থেকে শেষ করতে পারলে খুব ভালো হয়। সুপার লিগও অনেক চ্যালেঞ্জিং হবে। যে ছয়টা দল উঠবে, সবাই সবাইকে হারাতে পারে। শিরোপা জেতা সহজ হবে মনে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ভালো খেললেও ঘরোয়া ক্রিকেটে সে রকম উজ্জ্বল নন আপনি। অনুপ্রেরণার কোনো ঘাটতি থাকে এখানে?সাকিব: না, সে রকম কোনো কিছু নয়। ঘরোয়া ক্রিকেটও আমি যথেষ্ট উৎসাহ নিয়েই খেলি। এটাও আমার কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ। এক ম্যাচে ওপেনার হিসেবে ব্যাটিং করলেন। কেন?সাকিব: আসলে পরে নামায় অনেক ম্যাচে ব্যাটিংয়েরই সুযোগ পাচ্ছিলাম না।্রচার-পাঁচটা ম্যাচে বোধ হয় কিছু ব্যাটিং করেছি। দুই ম্যাচে তো ব্যাটিংয়ের সুযোগই পাইনি। সে জন্যই ভাবলাম ওপেনিংয়ে নামি। ৩০ রান করে আউট হয়ে গেলেও খারাপ লাগেনি। আইপিএলের অভিজ্ঞতার কারণে বিপিএলেও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আপনার কাছেই প্রত্যাশা বেশি থাকবে। কী বলেন?সাকিব: অভিজ্ঞতা খুব বড় ব্যাপার হবে বলে মনে হয় না। আসল কথা, ভালো খেলতে হবে। ভালো না খেললে অভিজ্ঞতা থেকে লাভ কী? অভিজ্ঞতায় কে এগিয়ে, কে পিছিয়ে, সেটা কোনো ব্যাপার নয়। ফ্র্যাঞ্চাইজিগুলোর কার্যক্রম শুরু হয়ে গেছে। আজ (গতকাল) আপনাদের র‌্যালি হলো। খুলনা রয়েল বেঙ্গলসের সঙ্গে এখন পর্যন্ত অভিজ্ঞতা কেমন?সাকিব: আমি আসলে র‌্যালিতে ছিলাম না। র‌্যালিটা শুরু করে দিয়ে চলে এসেছি। তবে এখন পর্যন্ত সবকিছু ভালোই লাগছে। বাংলাদেশের জন্য এটা নতুন ধরনের একটা টুর্নামেন্ট। অনেক নতুনত্ব দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এ ধরনের টুর্নামেন্টের পার্থক্য থাকে। আমাদের এখনো সেভাবে সবকিছু শুরু না হলেও কিছু ব্যতিক্রম তো আছেই। খুলনা রয়েল বেঙ্গলসে আপনার ভূমিকাটা কেমন?সাকিব: সত্যি বলতে কি, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যে দলেই খেলি, আমার কাছে একটা দাবি থাকেই। সে হিসেবে খুলনা রয়েল বেঙ্গলসেরও নিশ্চয়ই একটা চাহিদা আছে। তবে এখনই অত চিন্তা করছি না। আমরা ম্যাচ ধরে ধরে খেলব। যদি ফাইনালে যেতে পারি, চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব।