‘শুধু প্রতিশ্রুতি শুনলাম, রাস্তা পাকা হলো না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই সমায় অল্প ঝড়ি (বৃষ্টি) হইলেই আস্তাটাত কাদো জমি থাকে। বেশি হইলে পানিত ডুবি যায়। এই আস্তার কারণে এইটা গ্রামোত কায়ো আসপ্যার চায় না। সারাটা জেবন আজাবে থাকি।’ কথাগুলো এভাবেই বললেন রংপুরের বদরগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের কৃষক হাছিনুর আলী (৫০)।জানা যায়, ওই গ্রামের ভেতর দিয়ে চলে গেছে বদরগঞ্জ উপজেলার আসমতপাড়া-বাংলারহাট কাঁচা সড়ক। এটির দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। ওই কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তার পাশে রয়েছে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন। আমরুলবাড়ী আসমতপাড়া গ্রামের ইসমাইল হোসেন (২৮)। তিনি শিক্ষকতা করেন বাংলারহাট দাখিল মাদ্রাসায়। তাঁর বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব তিন কিলোমিটার। তাঁকে ওই সড়ক দিয়ে যেতে হয় মাদ্রাসায়। তিনি বলেন, ‘শুকনা মৌসুমে বাইসাইকেলে মাদ্রাসায় যেতে সময় লাগে ১৫ মিনিট। কিন্তু পানি হলে বাইসাইকেল তো দূরের কথা রাস্তাটা দিয়ে হেঁটেও যাওয়া যায় না। বাধ্য হয়ে ১২ কিলোমিটার পথ ঘুরে মাদ্রাসায় যেতে হয়। এতে বাড়তি সময় লাগে এক ঘণ্টা।’ আমরুলবাড়ী আসমতপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ আলী বলেন, ‘ওই সড়ক ঘেঁষে আমার শিক্ষাপ্রতিষ্ঠানটি। বর্ষাকালে রাস্তার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিই কমে যায়।’জামালপুর গ্রামের শিক্ষক মাহামুদুল হাসান বলেন, ভোট এলে সব প্রার্থী রাস্তাটুকু পাকা করার প্রতিশ্রুতি দেন। স্বাধীনতার পর থেকে শুধু প্রতিশ্রুতিই শুনলাম, রাস্তা আর পাকা হলো না।’উপজেলা সহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘ওই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতে দূরবস্থার কথা আমরা জানি। বরাদ্দ এলে রাস্তাটা পাকা করার উদ্যোগ নেওয়া হবে।’উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘এলাকাবাসী ও পথচারীদের সমস্যা সমাধানে ভবিষ্যতে রাস্তাটি পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।’