‘শুধু বন্ধুই নই আমি লারার ভক্তও’
ফুটবলপ্রেমীদের কাছে তাঁর পরিচিতি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা, ক্রিকেটপ্রেমীদের কাছে ব্রায়ান লারার বন্ধু। এয়ারটেলের সৌজন্যে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা ডুইট ইয়র্ক ব্যতিব্যস্ততার মধ্যেও মুখোমুখি হলেন আরিফুল ইসলামের প্রথম বাংলাদেশ সফরের অভিজ্ঞতা কেমন?ডুইট ইয়র্ক: অভিজ্ঞতাটা বিস্ময়কর। জানা ছিল, বাংলাদেশ ক্রিকেটপাগল জাতি। পুরো উপমহাদেশেই তো প্রধান খেলা ক্রিকেট। বাংলাদেশে এত ফুটবলপ্রেমী, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের এত ভক্ত আমি প্রত্যাশাই করিনি। বিশ্বকাপ ফুটবলের সময় ফুটবল উন্মাদনা অনেক দেশেই দেখা যায়। কিন্তু এত ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান আছে এ দেশে, ভাবতে পারিনি। বাংলাদেশ সম্পর্কে তাহলে ধারণা খুব বেশি ছিল না?ইয়র্ক: সত্যি বলতে খুব একটা জানা ছিল না। কাউকে আঘাত করতে চাই না, কিন্তু সত্যিটা হলো এই অঞ্চলটা ঠিক সেভাবে ফুটবল-শক্তি হয়ে উঠতে পারেনি। সবাই জানে, এখানকার মানুষ ক্রিকেটপাগল। তবে এখানে এসে যত ফুটবলপ্রেমী দেখলাম, এটাও কম বিস্ময়কর নয়। আশা করি, ম্যানচেস্টার ইউনাইটেড ও এয়ারটেলের এই বন্ধনের মাধ্যমে এ দেশের মানুষ আরও বেশি ফুটবলমুখী হবে। এখন সময় কাটছে কী করে? ইয়র্ক: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আমি ‘বি’ গ্রেড কোচিং লাইসেন্স পেয়েছি। শিগগির ‘এ’ গ্রেড করে ফেলব। এ ছাড়া ইংল্যান্ডে স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে পূর্ণকালীন কাজ করছি। ম্যানচেস্টার ইউনাইটেডের দ্যুতের কাজ তো আছেই, আমার বেস্ট ফ্রেন্ড ব্রায়ান লারার সঙ্গে আমিও ত্রিনিদাদ ও টোবাগো সরকারের ক্রীড়া দূত। সব মিলিয়ে খেলাধুলার সঙ্গেই আছি এখনো, যথেষ্ট ব্যস্তও। একদিন তাহলে রেড ডেভিলদের ম্যানেজার হিসেবে দেখা যেতে পারে ইয়র্ককে?ইয়র্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের হতে পারব কি না, সেটা ঠিক নিশ্চিত নই। তবে অদূর ভবিষ্যতে আমি নিজেকে ম্যানেজার হিসেবে দেখতে চাই। দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। তা ছাড়া আমি নিজের সামর্থ্যটাও দেখতে চাই। কোনো কিছু চেষ্টা না করা পর্যন্ত তো সামর্থ্য বোঝা মুশকিল। কে জানে, হয়তো ম্যানেজার হিসেবে অনেক ভালো করতেও পারি! গত বছর হঠাৎ লন্ডন ম্যারাথানে অংশ নিলেন...!ইয়র্ক: হা...হা...হা...এটা আসলে অনেকটা হুট করেই হয়ে গেছে...লন্ডন ম্যারাথনের মাত্র সপ্তাহ পাঁচেক আগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। আমি সব সময়ই চ্যালেঞ্জ ভালোবাসি... আমার ইচ্ছে ছিল ৩ ঘণ্টার কমে দৌড় শেষ করার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। শেষ দুই মাইল আমি বলতে গেলে হেঁটে শেষ করেছি, সময় লেগেছিল ৩ ঘণ্টা ২৫ মিনিট। তবে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। কখনোই ভাবিনি আমি ম্যারাথনে দৌড়াতে পারব, কিন্তু ওই যে বলেছি, চেষ্টা করলেই কেবল নিজের সামর্থ্য বোঝা যায়। লারার সঙ্গে আপনার বন্ধুত্ব নিয়ে অনেক গল্প শোনা যায়। আপনি টোবাগোর, লারা ত্রিনিদাদের, দুজনের বন্ধুত্বের শুরু কীভাবে?ইয়র্ক: এটা আসলে যমজ দ্বীপ, আমাদের সরকার এক, মুদ্রা এক, ভাষা এক। স্রেফ লারা ওই পাড়ে জন্মেছে ও বেড়ে উঠেছে, আমি এই পাড়ে। দুই দ্বীপের স্কুলগুলোতে অনেক টুর্নামেন্ট হতো, লারার সঙ্গে তখনই আমার দেখা। কীভাবে কীভাবে যেন দুজনের খুব খাতির হয়ে গেল। অনূর্ধ্ব-১২, ১৪, ১৬ টুর্নামেন্টগুলোয় আমরা একসঙ্গেই খেলেছি। লারা ফুটবল ভালোই খেলত, আমিও ক্রিকেট খারাপ খেলতাম না। তবে শেষ পর্যন্ত দুজনে সেটাই বেছে নিলাম, যেটা বেশি ভালো পারি। তবে আমাদের বন্ধুত্বে এটা কোনো বাধা হতে পারেনি। সব সময় যোগাযোগ থেকেছে আমাদের, এখনো আমরা খুব কাছের বন্ধু। ক্রিকেটে লারা যা করেছে, অসাধারণ বললেও কম বলা হয়। সর্বকালের সেরাদের একজন ও। ওর তুলনায় ফুটবলে আমি কিছু করতে পারিনি। তবে যখন ভাবি, ছোট্ট একটা দেশকে সারা বিশ্বে অনেকেই আমাদের সূত্রে চেনে, দারুণ গর্ব হয়। লারার গ্রেট ইনিংসের তো অভাব নেই, কোনোটি দেখেছেন মাঠে বসে?ইয়র্ক: অবশ্যই, লারার ৫০১-এর সময় আমি মাঠেই ছিলাম। আমি তখন অ্যাস্টন ভিলায় খেলতাম, থাকতাম বার্মিংহামে। লারা বার্মিংহামেরই দল ওয়ারউইকশায়ারে খেলত। আমার সঙ্গেই থাকত ও, বলতে পারেন রেকর্ডে তাই আমার সামান্য অবদানও আছে...হা...হা...হা...। এটি ছাড়াও ওর অনেক সেঞ্চুরি আমি মাঠে বসে দেখেছি। আমি শুধু ওর ভালো বন্ধুই নই, বড় ভক্তও। ও ক্রিকেটে যা করেছে, সেটা নিয়ে আমি দারুণ গর্ব করি। আপনার আগে ক্যারিবিয়ানে সত্যিকার অর্থে বড় ফুটবল তারকা কেউ ছিল না, সেখান থেকে উঠে আসা কতটা কঠিন ছিল?ইয়র্ক: সত্যি বলতে একটু কঠিনই ছিল। প্রতিভার অভাব ক্যারিবিয়ানে নেই, শুধু পরবর্তী পর্যায়ে পৌঁছানোর ধাপটা অনেকেরই জানা নেই। আমি সব সময় টিভিতে খেলা দেখতাম আর ভাবতাম, আমি অবশ্যই এই পর্যায়ে খেলব। নিজেকে সেভাবে গড়ে তুলেছি, অনেক পরিশ্রম করেছি। অনেক ত্যাগও করতে হয়েছে, অনেকে বিশ্বাস করবেন না ক্যারিবিয়ানে থেকেও ২১ বছর বয়স পর্যন্ত আমি হার্ড ড্রিঙ্ক ছুঁয়ে দেখিনি! আমি প্রচণ্ড দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে ইউরোপের ফুটবলে আমাকে খেলতেই হবে। এখন যারা উঠে আসছে তাদের সামনে তো একজন আইকন আছে...!ইয়র্ক: হয়তো আমার কিছু অবদান আছে, তবে ক্যারিবিয়ানে ফুটবল এমনিতেই ভীষণ জনপ্রিয়। ধরুন, টিঅ্যান্ডটি ও জ্যামাইকার ফুটবল খেলা হলে স্টেডিয়ামে তিল ধারণের জায়গা থাকবে না, ক্রিকেট খেলা হলে হয়তো হাজার দশেক লোক হবে। সর্বোচ্চ সাতবার বিশ্বকাপ বাছাইপর্ব খেলার বিশ্বরেকর্ড আপনার...ইয়র্ক: সত্যি বলতে বিশ্বকাপে খেলার আশা আমি ছেড়েই দিয়েছিলাম। আমি প্রথম বিশ্বকাপ বাছাইপর্বে খেলি ১৯৯০ সালে, যখন আমার বয়স ছিল ১৬। সেবার আমরা খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, ইতালি বিশ্বকাপের টিকিট পাওয়া থেকে মাত্র ১ পয়েন্ট দূরে ছিলাম। কিন্তু আমেকাির কাছে শেষ ম্যাচে ১-০ তে হেরে গেলাম...খুব কষ্ট পেয়েছিলাম। এরপর প্রতিবারই অনেক আশা নিয়ে বাছাইপর্ব খেলেছি, বারবার আশা ভঙ্গ হয়েছে। সুযোগটা এল ক্যারিয়ার গোধূলিতে... ওই প্রসঙ্গেই আসি, ২০০৬ জার্মানি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা কেমন ছিল?ইয়র্ক: অবিশ্বাস্য, বিশ্বকাপ খেলা ছিল আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগ পাওয়াটা ছিল আমার জন্য অবিশ্বাস্য, গ্রেট ক্লাব, কত কত গ্রেট খেলেছে। দারুণ সব মুহূর্ত আছে আমার ইউনাইটেডের হয়ে। ট্রেবল জিতে ইতিহাসে নাম লেখানো, গোল্ডেন বুট, আরও অনেক অনেক স্মরণীয় স্মৃতি। কিন্তু দেশের হয়ে কিছু করার অনুভূতিই অন্য রকম। ২০০৬ বিশ্বকাপ, সুইডেনের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া—ক্যারিয়ারে সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল বিশ্বকাপটাই।