‘শুধু বাঁহাতি স্পিনে হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বকাপ ফাইনাল দিয়ে। তবে ক্রিকেট মাঠ থেকে পুরোপুরি দূরে থাকতে পারেননি। খেলেছেন নিজ দেশ ও নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে, এখন চিটাগং কিংসের হয়ে খেলছেন বিপিএলে। কাল খেলা ছিল না, স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন তাই খুলে দিলেন কথার ভান্ডার কেমন লাগছে বিপিএল?মুত্তিয়া মুরালিধরন: মজাই লাগছে। এর আগে বাংলাদেশে এসেছি জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলতে। আমার ওই দুই ধরনের ক্রিকেট খেলতেই ভালো লাগে। টি-টোয়েন্টি দর্শকদের জন্য মজার। টুর্নামেন্ট তো ভালোই হচ্ছে, অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে। আমি বেশি উইকেট পাইনি, তবে টি-টোয়েন্টিতে দর্শক উইকেটের চেয়ে রানই বেশি দেখতে চায়। রান তো ভালোই হচ্ছে। বাংলাদেশের স্পিনারদের কীভাবে মূল্যায়ন করবেন?মুরালিধরন: সাকিব খুব ভালো স্পিনার। ও তো বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা দারুণ। তবে বাংলাদেশের পিচের মান আরও ভালো করতে হবে। পিচ একটু বেশিই মন্থর, বল নিচু হয়ে আসে। আর বাংলাদেশের স্পিনাররা সবাই তো বাঁহাতি, বোলিং আক্রমণে বৈচিত্র্য থাকতে হবে। দেশের বাইরে ভালো করতে হলে ফাস্ট বোলার থাকতে হবে, লেগ স্পিনার-অফ স্পিনার থাকতে হবে। শুধু বাঁহাতি স্পিন দিয়ে হবে না। বিপিএলে তো দেখছি প্রতি দলেই অন্তত চারজন বাঁহাতি স্পিনার! বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলে, আপনার কী মত?মুরালিধরন: এ ধরনের কথা আসলে কোনো কাজের নয়। বাংলাদেশকে যখন টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে, তখন প্রমাণ করার জন্য আরও সময় দেওয়া উচিত। ওরা খারাপ করছে না, স্রেফ ধারাবাহিকতার অভাব। আর প্রতিষ্ঠিত শক্তি হয়ে ওঠার প্রক্রিয়াটা সহজ নয়। স্কুল ক্রিকেট, ক্লাব ক্রিকেট, প্রথম শ্রেণীর ক্রিকেট—এসব ভালো করতে হবে। টেস্ট ক্রিকেটে শেষ বলে উইকেট পেয়েছেন, দেশের মাটিতে শেষ ওয়ানডের (বিশ্বকাপ সেমিফাইনাল) শেষ বলেও। সেমিফাইনালের পর পুরো প্রেমাদাসা দাঁড়িয়ে আপনাকে অভিনন্দন জানিয়েছিল, সতীর্থদের কাঁধে চড়ে মাঠ প্রদক্ষিণ, কেমন লাগছিল তখন?মুরালিধরন: দেশের মাটিতে শেষ ম্যাচ...বিশ্বকাপের সেমিফাইনাল জয়ের অনুভূতিটা দারুণ ছিল। শেষ বলে আমি উইকেট পেয়েছিলাম...সব মিলিয়ে দারুণ লাগছিল। ফাইনালটা অবশ্য দুঃখজনক ছিল, আমি ভালো করতে পারিনি, দল ভালো করেনি। একটা বিশ্বকাপ জিতেছি...তার পরও আরেকটা কে না জিততে চায়! ওয়ার্ন, কুম্বলে, মুশতাক, সাকলায়েন...এরপর আপনার অবসরের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে একটা স্পিন-অধ্যায়ের সমাপ্তি হয়েছে। নিকট ভবিষ্যতে কি এমন স্পিন জাদু আর দেখা যাবে?মুরালিধরন: এখনো তো ভেট্টোরি আছে। আজমল, আফ্রিদি, সাকিব, সোয়ান, হরভজন, অশ্বিন...অনেক প্রতিভাবান স্পিনার। শ্রীলঙ্কারও প্রতিভাবান স্পিনার আছে—মেন্ডিস, হেরাথ...ওয়েস্ট ইন্ডিজে নারাইন (সুনীল)...স্পিনার অনেক উঠে আসছে। এ জন্যই আমি বলছি, বাংলাদেশের শুধু বাঁহাতি স্পিনারে হবে না। অফ স্পিনার, লেগ স্পিনার, ফাস্ট বোলারও চাই। আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার কে? দ্বিতীয় সেরা?মুরালিধরন: যেভাবে উইকেট নিচ্ছে, সাঈদ আজমলকেই তো সেরা বলতে হবে। ওর জন্য শুভকামনা। দ্বিতীয় সেরা বলা কঠিন, একেকজন একেক দিন, একেক ক্ষেত্রে ভালো করছে। সাকিব আছে, ওয়ানডেতে আফ্রিদি দুর্দান্ত। আপনার অবসরের পর টেস্ট-ওয়ানডে দুটোতেই শ্রীলঙ্কার দুরবস্থা...মুরালিধরন: শ্রীলঙ্কা এখন একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। এমনটা হতেই পারে। আমি নিশ্চিত, দল সামলে উঠবে। অনেকটা বাধ্য হয়েই জয়াবর্ধনেকে আপাতত দায়িত্ব নিতে হয়েছে, শ্রীলঙ্কার ভবিষ্যৎ অধিনায়ক কে হতে পারেন?মুরালিধরন: আমি আসলে শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে যুক্ত নই। যতদূর জানি, জয়াবর্ধনেকে বছর খানেকের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো (ম্যাথুস), ওকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে গড়ে তোলা হচ্ছে। হয়তো ও-ই অধিনায়ক হবে। বাংলাদেশ স্পিন কোচ হওয়ার প্রস্তাব দিলে রাজি হবেন?মুরালিধরন: সাকিব অনেক অভিজ্ঞ, ওর কোচিংয়ের প্রয়োজন নেই। উঠতি ক্রিকেটারদের প্রয়োজন আছে। আমাকে আবিষ্কার করেছিলেন সুনীল ফার্নান্ডো। কিন্তু আন্তর্জাতিক আঙিনায় আসার পর সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ব্রুস ইয়ার্ডলির টিপসে। স্পিনারদের জন্য ও ভালো কোচ। আমি হয়তো বলতে পারি কী করা উচিত, কী নয়। তবে সার্বক্ষণিক কোচ হিসেবে ইয়ার্ডলি ভালো। আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত, টানা সময় দিতে পারব না। বাংলাদেশ স্পিন কোচ চাইলে আমি ইয়ার্ডলিকেই সুপারিশ করব।