‘শেখ হাসিনা হচ্ছেন কালো বিড়ালের নেত্রী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি ও সমমনা ১২ দলের শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ বলেছেন, ‘ভারতীয় কালো বিড়াল এ দেশকে কামড়ে ধরেছে, এই কালো বিড়ালদের ধরতে হবে। শেখ হাসিনা হচ্ছেন কালো বিড়ালের নেত্রী, এই কালো বিড়ালকে হটাতে হবে।’ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শুক্রবার জুমার নামাজের পর ইসলামি ও সমমনা ১২ দল আয়োজিত গণমিছিলের আগে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি পুনর্বহাল করা, নারীনীতি ও শিক্ষানীতি সংশোধন করা, বোরকা নিষিদ্ধ করার ষড়যন্ত্র বন্ধ এবং ‘ধর্মাচার’ নামক ফেসবুকে মহানবীর (স.) অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রকাশকারীদের বিচারের দাবিতে সংগঠনটি এ গণমিছিলের আয়োজন করে।খেলাফত মজলিশের আমির মুহাম্মদ ইসহাক অভিযোগ করেন বর্তমান সরকার ইসলাম নির্মূল করার চক্রান্ত করছে। তিনি এ সরকারকে হটাতে কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।খলিলুর রহমান মাদানী বলেন, নানা উপায়ে দেশ থেকে ইসলামকে বিদায় করার পাঁয়তারা চলছে। এ অবস্থায় ইমানদার মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর সড়ক থেকে একটি মিছিল পুরানা পল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের আহ্বায়ক মুহিউদ্দিন খানের লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সদস্যসচিব ও খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান। তিনি আগামী মে ও জুন—এই দুই মাসে সব জেলা ও বিভাগে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। এর পরও দাবি পূরণ না হলে ঢাকায় মহাসমাবেশ ডেকে সরকার পতনের ডাক দেওয়া হবে। সমাবেশে সমমনা ১২ দলের অন্য নেতাদের মধ্যে মাওলানা আবদুল লতিফ নেজামী, আলমগীর মজুমদার, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, আবদুল মোবিন, মাওলানা আহমদ আলী, কাজী আবুল খায়ের, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।