‘শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে। গত শনিবার নিউইয়র্কে সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর হোটেলকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব মিজানুল কায়েস এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে নতুন দিগন্তের সূচনা করবে। পররাষ্ট্রসচিব বলেন, আন্তর্জাতিক মহল মনে করে, আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। সাধারণ পরিষদে শেখ হাসিনার বক্তব্যের বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ায় আইনের শাসনের প্রতি বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে। নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি ভারসাম্যপূর্ণ আচরণসহ শিশু অধিকার নিয়ে এ দেশ এখন আন্তর্জাতিক মহলের কাছ থেকে প্রশংসা পাওয়া দেশ। শান্তি সমাবেশ, বিক্ষোভ, উত্তেজনা: প্রধানমন্ত্রীর পক্ষে-বিপক্ষে শান্তি সমাবেশ ও বিক্ষোভ হয়েছে জাতিসংঘের সামনে। গত শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপিসহ চার সমর্থক বিক্ষোভ এবং পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালিদ হাসান ও সেক্রেটারি সাজ্জাদুর রহমানের নেতৃত্বে দলীয় লোকজন সড়কের এক পাশে এবং সড়কের অপর পাশে যুক্তরাষ্ট্র বিএনপি ও জামায়াতঘেঁষা লোকজন অবস্থান নেন। উভয় পক্ষে স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আওয়ামী লীগের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচার, শুভেচ্ছা স্বাগতম-প্রধানমন্ত্রীর আগমন ইত্যাদি স্লোগান দেওয়া হয়। অন্যদিকে বিএনপির নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। এতে তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার, মাহমুদুর রহমানের মুক্তি, বাংলাদেশে মানবাধিকার হরণ, বিরোধীদের ওপর সরকারের দমন-পীড়নের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে মাওলানা সাঈদীসহ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতি জ্যাক ডিজের সঙ্গে সাক্ষাৎ করেন। ডিজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা স্মরণ করিয়ে দেন।’৭১/৭২ সালের তরুণ কূটনৈতিক কর্মকর্তা জ্যাক ডিজ বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয়ের কথা স্মরণ করেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জানান। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি, নারীর ক্ষমতায়নসহ জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ অংশগ্রহণকারী দেশ হিসেবে তিনি বাংলাদেশের প্রশংসা করেন।’সংবর্ধনা: নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল রোববার বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেওয়ার কথা। নিউইয়র্ক সময় মঙ্গলবার সকালে তাঁর ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা।