‘শেখার জন্যই যাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের টেবিল টেনিস খেলোয়াড়দের কাছে মহার্ঘ। হল্যান্ডের রটারডামে ৮-১৫ মে বিশ্বকাপ টিটিতে খেলা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার। ১০ বছর পর আরেকটি বিশ্বকাপে যাওয়ার আগে দেশের সেরা টিটি খেলোয়াড় মাহবুব বিল্লাহ তাই রোমাঞ্চিত বিশ্বকাপ টিটিতে যাচ্ছেন। নিশ্চয়ই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত?মাহবুব বিল্লাহ: খুবই ব্যস্ত আছি। ৬ মে ফ্লাইট। বিশ্বকাপে খেলার সুযোগ মানে বিশাল ব্যাপার। যেকোনো খেলোয়াড়ের কাছেই স্বপ্নপূরণ। বাংলাদেশ সর্বশেষ ২০০০ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ টিটিতে গিয়েছিল। মাঝে না যাওয়ার কারণ কী?মাহবুব: ২০০০ সালের পর বিশ্বকাপ টিটি ইউরোপেই হয়ে আসছে। সেখানে নাকি খরচ বেশি, তাই পাঠানো হয়নি। ফেডারেশন বলে টাকাই সমস্যা। অথচ দেখুন, থাকা-খাওয়া আয়োজকদেরই। শুধু টিকিটই লাগে নিজেদের। মজার ব্যাপার, কর্মকর্তারা কিন্তু যেতেন। মন্দ কপাল শুধু খেলোয়াড়দেরই।  আপনার কথা ঠিক। নইলে এবার কীভাবে পাঠাচ্ছে?মাহবুব: এবারও তো ফেডারেশন একজন মাত্র খেলোয়াড়ের খরচ দিচ্ছে। গত জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় ফেডারেশন সভাপতি ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়নকে এবার ফেডারেশনের খরচে বিশ্বকাপে পাঠানো হচ্ছে। আমি চ্যাম্পিয়ন হওয়ায় আমার খরচটা ফেডারেশন দিচ্ছে। বাকি দুই খেলোয়াড় হ্যামলেট ও মানস এবং তিনজন কর্মকর্তার খরচ অন্যভাবে জোগাড় করা হয়েছে বলে শুনেছি। এই দলের তিন খেলোয়াড়ের মধ্যে বিশ্বকাপ-অভিজ্ঞতা শুধু আপনারই আছে। ২০০০ সালে সেই অভিজ্ঞতা কেমন ছিল?মাহবুব: অসাধারণ। সুইডেনের বিশ্বখ্যাত ওয়ার্নার, পার্সন, চীনের লি হুইদের খেলা দেখেছি কাছ থেকে। কথা বলার সুযোগ পাইনি। তবে ওদের খেলা দেখেও অনেক শেখা যায়।এবার লক্ষ্য কী?মাহবুব: অবশ্যই শেখা। এর চেয়ে বড় সুযোগ জীবনে আর আসবে না। বিশ্বের বড় বড় খেলোয়াড় চোখের সামনে, হাতের নাগালে! তাদের কাছ থেকে কিছু শেখা মানে নিজের জন্য পাথেয়। মূলত শেখার জন্যই আমার যাওয়া। টিটিতে নতুন নতুন অনেক টেকনিক আসছে। চীনারা তাদের ভাষায় এই ‘পিং পং’ খেলায় বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এর সঙ্গে তো বোধহয় আপনাদের পরিচয় নেই...মাহবুব: না, দেশে বসে আমরা অনেক কিছুই জানি না। কত নতুন নতুন টেকনিক আসছে! আমরা সেই পুরোনো স্টাইলেই খেলছি। আধুনিকতার সঙ্গে একটু পরিচিত হওয়ার বিরাট সুযোগ বিশ্বকাপ। কোন জিনিসটার দিকে বেশি লক্ষ্য রাখবেন এবার?মাহবুব: আমরা লং রিসিভ করি। কিন্তু বিশ্বমানের খেলোয়াড়েরা শর্ট রিসিভ করে এবং পরপরই আক্রমণে চলে যায়। তাতে আমাদের মতো খেলোয়াড়দের রক্ষণাত্মক হতে হয়। শর্ট রিসিভ ব্যাপারটা খুব ভালো করে এমন নামী খেলোয়াড়দের খেলা খুব ভালো করে খেয়াল করব। এমন বড় মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণই বড় ব্যাপার। কিন্তু ফেডারেশন থেকে আপনাদের প্রস্তুতির জন্য কিছুই করা হয়নি। করা উচিত ছিল না?মাহবুব: অবশ্যই উচিত ছিল। এটা তো বেড়াতে যাওয়ার টুর্নামেন্ট নয়। আমরা নিজ উদ্যোগে অনুশীলন করেছি। বাইরে গেলে ভালো প্রস্তুতি নিয়ে যাওয়াই উচিত। ২৪ মে থেকে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হচ্ছে। দেশের টিটিতে এই টুর্নামেন্ট কী ভূমিকা রাখতে পারে মনে করেন?মাহবুব: কিছু ইতিবাচক ভূমিকা হয়তো রাখবে। কিন্তু এই টুর্নামেন্টে সিনিয়রদের রাখা হয়নি। এটা নাকি যুব টুর্নামেন্ট। প্রায় কোটি টাকার টুর্নামেন্টই যখন হচ্ছে, সিনিয়রদের বাদ দিয়ে কেন? এটা বড় প্রশ্ন।