‘শেন ওয়ার্ন আমার হাজব্যান্ড!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো যেন কিশোরী। তবে ১৯ বছর বয়সী এই অলরাউন্ডারই কাল ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে জেতালেন দক্ষিণ আফ্রিকার মেয়েদের, হয়েছেন ম্যাচসেরাও। প্রচণ্ড গরমে অবশ্য কাবু হয়ে পড়েছিলেন, ম্যাচ শেষে উইকেটেই বসে পড়লেন। ক্লান্ত শরীর, কিন্তু মুখে হাসি নিয়ে ডানে ফন নিকার্ক কথা বললেন কালকের পারফরম্যান্স, তাঁর বেড়ে ওঠা আর ক্রিকেট-জীবন নিয়ে এখনো হাঁপাচ্ছেন। কন্ডিশনটা আপনাদের জন্য একটু বেশিই কঠিন মনে হয়!ডানে ফন নিকার্ক: গরমটা আসলেই অসহ্য। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গত শীতে বাংলাদেশে এসেছিলাম, তখনই বলেছিলাম, এখানকার শীত আমাদের গ্রীষ্মের মতো। এবার এসে বুঝতে পারছি এখানকার গ্রীষ্মের ভয়াবহতা। এত গরমে কখনো খেলিনি। এই গরমও আমাদের প্রতিপক্ষ। এই জয়টা তাই বিশেষ কিছু। প্রথম ম্যাচে বাইরে থাকায় কি আজ বাড়তি কোনো জেদ ছিল?ফন নিকার্ক: আমার বয়স এখনো খুব বেশি নয়। এখনো স্কুলে আছি, সামনে স্কুল সার্টিফিকেট পরীক্ষা। বেশি বেশি খেলার তাড়া নেই। গতকাল বাইরে ছিলাম দলের কৌশলের কারণে। আজ প্রয়োজনেই আমাকে নেওয়া হয়েছে, খুব খুশি যে সুযোগটা কাজে লাগাতে পেরেছি।  আপনার মূল কাজ তো লেগ স্পিন, আজ ব্যাটিং দিয়ে চমকে দিলেন...ফন নিকার্ক: আসলে ব্যাটিংটা নিয়ে বাড়তি কাজ করছি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে সাহায্য করতে পারলে মন্দ কী! তা ছাড়া দলে তীব্র প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে হবে না! তবে অবশ্যই লেগ স্পিনটাই আমার প্রথম ভালোবাসা।  লেগ স্পিন তো ক্রিকেটের অন্যতম কঠিন কাজ, এটাই বেছে নিলেন কেন?ফন নিকার্ক: গল্পটা মজার। আমার বাবা একদিন বললেন, দক্ষিণ আফ্রিকা দলে খুব বেশি স্পিনার নেই। তুমি স্পিনার হও। যদি পারো লেগ স্পিন করো, আমাদের দেশে কখনোই খুব ভালো লেগ স্পিনার ছিল না। তো বাবার কথা শুনেই লেগ স্পিন শুরু করলাম। আয়ত্ত করতে কয়েক বছর লেগেছে। লেগে ছিলাম। ফলটা তো আজ দেখতেই পাচ্ছেন!বাবাই কি আপনাকে ক্রিকেটে এনেছেন?ফন নিকার্ক: হ্যাঁ, বাবা-মায়ের উৎসাহেই মূলত ক্রিকেটে আসা। বাড়িতে খেলাধুলার পরিবেশ সব সময়ই ছিল। বাবা-মা খেলাধুলা পছন্দ করেন। আমার ভাইও দারুণ ক্রিকেট খেলে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছে, ফ্র্যাঞ্চাইজিতে ঢোকার অপেক্ষায় আছে। আমারও শুরু ছেলেবেলায়। দক্ষিণ আফ্রিকায় ভীষণ জনপ্রিয় কেএফসি মিনি ক্রিকেট দিয়ে। এরপর মনের আনন্দে খেলে গেছি। জাতীয় দলে ঢুকে গেলাম ১৫ বছর বয়সেই! দক্ষিণ আফ্রিকার মেয়েদের ক্রিকেটকাঠামো কেমন?ফন নিকার্ক: ছেলেদের মতো মেয়েদেরও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আছে। আমিই হাইভেল্ড ও নর্দার্নসের হয়ে খেলছি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেয়েদের ক্রিকেট এগিয়ে নিতে অনেক কাজ করছে। যদিও এখনো আমাদের কোনো কেন্দ্রীয় চুক্তি নেই। তবে শুনেছি, প্রক্রিয়া চলছে। ম্যাচ ফি ও অন্যান্য ভাতা এমনিতে খারাপ নয়। মেয়েদের ক্রিকেট উন্নয়নে অনেক কাজ করছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেমন এই কন্ডিশনে একটা সিরিজের আয়োজন করল, বিশ্বকাপে যা আমাদের দারুণ কাজে লাগবে।  আপনার বোলিং অ্যাকশনের শেষ ধাপটা অনেকটাই শেন ওয়ার্নের মতো। আদর্শ কি ওয়ার্নই?ফন নিকার্ক: শুধু আদর্শ! শেন ওয়ার্ন আমার...আমার...কী বলব, আমার হাজব্যান্ড! সর্বকালের সেরা লেগ স্পিনার ওয়ার্ন। তবে শুধু বোলিং নয়, মাঠে ওর হাঁটাচলা, আক্রমণাত্মক আচরণ, হাসি—সবকিছু! এখন সাঈদ আজমলের বোলিংও দারুণ লাগে। তবে ওয়ার্ন ওয়ার্নই! বাংলাদেশের এমন পারফরম্যান্স কি প্রত্যাশা করেছিলেন?ফন নিকার্ক: সত্যি বলতে, ভীষণই চমকে গেছি। মাত্র কিছুদিন আগেই ওয়ানডে স্ট্যাটাস পেল এই মেয়েরা। এর মধ্যেই অনেক গুছিয়ে নিয়েছে। অবশ্যই কন্ডিশনটা অনেক পক্ষে গেছে, তার পরও কৃতিত্ব কেড়ে নেওয়া যায় না। আজকের ম্যাচটা ওরাও জিততে পারত।  এত দর্শক দেখে চমকে যাননি?ফন নিকার্ক: এত দর্শক তো ভাবনার অতীত। এত দর্শক কখনো আমরা দেখিনি। এমন সমর্থন পেলে অনেক অনুপ্রাণিত হওয়ার কথা, নিজেকে উজাড় করে দিয়ে খেলতে ইচ্ছে করবে। আমাদের যদি এমন দর্শক থাকত!