‘শেয়ারবাজার আমার সন্তানকে এতিম করল’
‘শেয়ারবাজার আমার সবকিছু কেড়ে নিল। আমার একমাত্র সন্তানকে এতিম করল। আমি তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে কাউকে না জানিয়ে এভাবে আমাদের ছেড়ে চলে গেল।’ এভাবে বিলাপ করছিলেন ঢাকার গোপীবাগ এলাকার বাসিন্দা কাজী লিয়াকত আলীর স্ত্রী আমেনা আক্তার সাথী। আর এ সময় তাঁদের সাড়ে চার বছরের মেয়ে মনীষা অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল সবার দিকে।আজ সোমবার সকালে আত্মহত্যা করেছেন লিয়াকত আলী। তিনি শেয়ারবাজারের একজন বিনিয়োগকারী ছিলেন। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তাঁর নিজ বাসা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করা হয়।আমিনা আক্তার সাথী দাবি করেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে তাঁর স্বামী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিনি বলেন, ‘শেয়ারবাজারে কী হচ্ছে না হচ্ছে, এসব নিয়ে তিনি সাধারণত বাড়িতে খুব কম কথা বলতেন। কিন্তু গতকাল রাতে হঠাত্ তিনি আমাকে ডেকে বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে আমি শেষ হয়ে গেছি। আমার বিনিয়োগের ৭০ লাখ টাকা শেষ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘এ কথা শুনে আমি তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। পৃথিবী ছেড়ে চলে গেল সে।’লিয়াকত আলী আল-আরাফাহ ও জয়তুন সিকিউরিটিজের অধীনে শেয়ারবাজারে ট্রেড করতেন বলে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।তাঁর বন্ধু নিউটন বলেন, ‘সে খুব কম কথা বলত। গতকাল রাতেও তাঁর সঙ্গে কথা হয়েছে। আমরা ভাবতেও পারছি না যে সে এভাবে চলে যাবে।’ আরেক বন্ধু তসলিম বলেন, ‘গতকাল রাতে আমার সঙ্গে দেখা হয়। সে বলে, আমার সব শেষ হয়ে গেছে। আমার আর কিছুই নেই। আমার মেয়েটাকে কে দেখবে?’লিয়াকতের শাশুড়ি মমতাজ বেগম জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি নাতনিকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে দরজা খুলে লিয়াকতকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।এদিকে সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) হেকমত জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।