‘শেরপুরে রাজাকারদের প্রধান ছিলেন কামারুজ্জামান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী মো. জালাল উদ্দিন। জবানবন্দিতে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকালে কামারুজ্জামান শেরপুরে রাজাকারদের প্রধান ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জালাল উদ্দিন জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।জবানবন্দিতে জালাল উদ্দিন বলেন, তাঁর বাবা শহীদ সফির উদ্দিন। তাঁদের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে। একাত্তরের ২৫ জুলাই সকাল সাতটা বা সাড়ে সাতটার দিকে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা আলবদর, রাজাকারদের নিয়ে সোহাগপুর গ্রামে ঢোকে। তাঁর ছোট ভাই আলাউদ্দিন দৌড়ে এসে তাঁকে এই খবর দেন। তখন তিনি একটু দূরে এক জায়গায় লুকিয়ে থাকেন। আলাউদ্দিন লুকান ধানের মাচায়।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, এরপর তিনি প্রচণ্ড গুলির শব্দ পান। কিছুক্ষণ পর গুলি বন্ধ হলে সুরুজ আলীর বাড়ির পূর্ব দিকে গিয়ে দেখেন, মন্তাজ আলী, শাহীদ আলী, আবুল বাশার ও হাশেম আলীর লাশ পড়ে আছে। সেখান থেকে দৌড়ে নিজের বাড়ির উঠানে গিয়ে দেখেন, তাঁর বাবা সফির উদ্দিন, জ্যেঠা কিতাব আলী, মামাতো ভাই মোন্নাস আলী, মোহাম্মদ আলী, মমিন মিয়া, কটুম উদ্দিন, রেজত আলী, ইমান আলীসহ ১১ জন এবং নাম না জানা কয়েকজনের লাশ পড়ে আছে। তবে ইমান আলীর পাশে গিয়ে দেখেন, তিনি মরেননি, নড়াচড়া করছেন। ইমান আলীকে তাঁর স্ত্রী ও তিনি ধরাধরি করে বারান্দায় এনে শোয়ানোর পরপর তিনিও মারা যান। সন্ধ্যায় তিনি লাশগুলো কবর দেওয়ার ব্যবস্থা করেন।জালাল উদ্দিন বলেন, এরপর তাঁরা গ্রাম ছেড়ে জুগলি গ্রামে আশ্রয় নেন। তিন দিন পর তিনি বাড়িতে ফিরে মানুষের কাছে ওই হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। এলাকার বেঁচে যাওয়া মুরব্বি শ্রেণীর লোকজন জানান, ওই দিন (২৫ জুলাই) সোহাগপুর ও বেনুপাড়া গ্রামে প্রায় ২৪৫ জনকে হত্যা করা হয়। বকা বুড়া, নসা, কাদির ডাক্তার ছিলেন রাজাকার, এই রাজাকারদের প্রধান ছিলেন কামারুজ্জামান। তাঁরা পাকিস্তানি সেনাদের নিয়ে এসে এই হত্যাযজ্ঞ চালান। কামারুজ্জামান শেরপুরভিত্তিক রাজাকারদের নেতা ছিলেন, তাঁর কথায় রাজাকাররা ওঠ-বস করত।সাক্ষী বলেন, সোহাগপুর গ্রামের কেদার নাথের বাড়ি আলবদর, রাজাকাররা আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং ওই বাড়ির পাঁচজনকে হত্যা করে। তাঁদের মধ্যে দুজনকে হত্যা করা হয় বেয়নেট দিয়ে। নালিতাবাড়ীতে আলবদর, রাজাকার ও পাকিস্তানি সেনাদের একটি ক্যাম্প ছিল। শেরপুর ডাকবাংলোতেও একটি ক্যাম্প ছিল। কামারুজ্জামানকে একাত্তরের পর অনেক দেখেছেন।প্রায় আধা ঘণ্টাব্যাপী জবানবন্দির শেষ পর্যায়ে জালাল উদ্দিন কাঠগড়ায় থাকা কামারুজ্জামানকে শনাক্ত করেন। এরপর সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। একটি প্রশ্নের পর জেরা আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।