বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের কাছে মশিউরের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মী ফিরোজ ও তাঁর সহযোগীরা
‘শেষ দিনের স্মৃতি আমাকে আজীবন তাড়া করবে’
‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-জীবনের শেষ দিন স্নাতকোত্তর শ্রেণীর মৌখিক পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে হলে ফিরছিলাম। কিন্তু ফেরার পথে যে ভয়াবহ ঘটনার শিকার হলাম, তা আজীবন আমাকে তাড়া করে বেড়াবে।’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার মশিউর রহমান গতকাল বুধবার প্রথম আলোর কাছে এভাবেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।গত সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের কাছে মশিউরের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মী ও ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র ফিরোজ ও তাঁর সহযোগীরা। মশিউর দর্শন বিভাগের শিক্ষার্থী ও সৈয়দ আমীর আলী হলের আবাসিক ছাত্র। মশিউর অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা সেদিন অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। হাত-পায়ের বিভিন্ন জায়গায় লোহার পেরেক ঢুকিয়ে দিয়েছে। চিত্কার শুনে আমাকে রক্ষা করতে আসা দোকানিরাও হামলার শিকার হন।’ কান্নাজড়িত কণ্ঠে মশিউর বলেন, শিক্ষাঙ্গনে আর কোনো শিক্ষার্থীকে যেন এ ধরনের ঘটনার শিকার না হতে হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে গত মঙ্গলবার হলে ফিরেছেন মশিউর। হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। হামলাকারীদের সঙ্গে কোনো সময় পরিচয়ও হয়নি। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এ হামলা করে থাকতে পারে।’ মশিউর জানান, ওই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। চিকিত্সক তাঁকে বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন।মামলা না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রলীগের ভয়ে মামলা করার সাহস পাচ্ছি না। এতে আমার জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া এ প্রসঙ্গে বলেন, ফিরোজ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি আগামী সিন্ডিকেট সভায় তোলা হবে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ওই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে ক্যাম্পাসে সন্ত্রাস রোধে পুলিশ সক্রিয় রয়েছে।