‘শেষ সংলাপ’ নাটকের রজতজয়ন্তী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় ‘শেষ সংলাপ’ নাটকটি মঞ্চে আনে ২০০৯ সালে। কলকাতায় অনিক আয়োজিত গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোত্সবে মিনার্ভা থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। দেশের বিভিন্ন নাট্যমঞ্চ ঘুরে এরই মধ্যে নাটকটির ২৪টি প্রদর্শন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে নাটকটির রজতজয়ন্তী প্রদর্শনী হবে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায়। মিশরের নাট্যকার তাওফীক আল হাকিমের ‘সুলতানুজ জান্নাত’ নাটক অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল আলম। মিসরের এক ক্রীতদাস সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে সৃষ্ট নানা জটিলতার সমাধান পদ্ধতির প্রয়োগ নিয়ে নাটকটির গল্প। নির্দেশনা দিয়েছেন আখতারুজ্জামান। তিনি বলেন, ‘সময় দীর্ঘদিন ধরে ভাবছিল বিদেশী গল্প অবলম্বনে এমন কোনো নাটক মঞ্চে আনবে, যা সময়কে ধারণ করবে। শেষ সংলাপ নাটকে সমসাময়িক অনেক বার্তা রয়েছে। দর্শকের সমর্থন নিয়ে নাটকটির ২৫তম প্রদর্শনী করতে যাচ্ছে।’নাটকটির সুলতান চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম। আরও অভিনয় করেছেন রিয়াজ মাহমুদ, আরিফুজ্জামান, ঈশিতা চাকী, রুমা তোফায়েল সরকার প্রমুখ।