‘শেষের ওভারগুলোয় বোলিং করা কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে শেষ ওভারে ১৬ রান দিয়ে হারিয়েছিলেন দলকে, এর আগে আরও কিছু ম্যাচে ভালো বোলিং করতে পারেননি শেষটায়। তবে কাল ভালো করেছেন, চিটাগং কিংসকে সেরা চারে তোলায় বড় অবদান তাঁর বোলিংয়ের। রুবেল হোসেন কথা বললেন তাঁর বোলিং ও বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে আগের ম্যাচের শেষ ওভারটা ভালো হয়নি। আজ নিশ্চয়ই ভালো লাগছে?রুবেল হোসেন: হ্যাঁ, আজ শেষ ২ ওভার ভালো বোলিং করেছি। দলের যা দরকার ছিল, সেটা করতে পেরেছি।  আজ ব্যতিক্রমী কিছু কি করেছেন?রুবেল: অন্য রকম কিছু করিনি। বোলিংয়ে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।  স্লগ ওভারে অধিনায়ক আপনার বোলিংয়ের ওপর আস্থা রাখেন। কিন্তু প্রায়ই ভালো করতে পারেন না। এটা কীভাবে নেন?রুবেল: শেষের ওভারগুলোয় বোলিং করাটা কঠিন। কোনো বোলারই চায় না খারাপ বোলিং করতে। আমিও ভালো জায়গায় বোলিং করার চেষ্টা করি। বিশেষ করে শেষ দিকে ঠিক জায়গায় বল করাটা খুবই জরুরি। কিন্তু ক্রিকেটটা এমনই। কখনো কখনো খারাপ সময় যায়, আবার ভালো সময় আসে। আজ যেমন কামব্যাক করলাম। স্লগ ওভারে বোলিং কতটা উপভোগ করেন?রুবেল: উপভোগ তো করতেই হবে। কঠিন কাজ উপভোগ না করতে জানলে বোলিং করা আরও কঠিন হয়ে পড়ে। তার পরও তো শেষের ওভারগুলোয় সাফল্যের চেয়ে আপনার ব্যর্থতাই বেশি।রুবেল: প্রায় এক বছর ইনজুরির কারণে বাইরে থাকায় স্লগ ওভারে বোলিংয়ে নিয়ে খুব বেশি কাজ করতে পারিনি। ইনজুরি কাটিয়েই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছি। শ্রীলঙ্কা সফরের আগে আরও কয়েকটা দিন পাব। তখন স্লগ ওভারে বোলিং নিয়ে আরও কাজ করব। স্লগ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে আগের অবস্থায় ফিরে যেতে চাই।  টোয়েন্টি টোয়েন্টি খেলার পর আগামী মাসেই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজটা বোলারদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে?রুবেল: প্রতিটি ক্রিকেটারই খেলার মধ্যে আছে। সবাই বিপিএল খেলছে। আমার মনে হয়, সবাই নেটে বাড়তি বোলিং করছে। টেস্টে কীভাবে বোলিং করতে হবে, তা নিয়ে ভাবছে। এরপর জাতীয় দলের ক্যাম্প আছে। অসুবিধা হওয়ার কথা নয়।  ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিপিএলে খেলছেন। চোটের আগে যে গতি ও ছন্দ ছিল সেটি ফিরে পেয়েছেন?রুবেল: হ্যাঁ, আমার মনে হয় আমি আগের মতো জোরেই বল করছি, ছন্দটাও বেশ ভালো।  টেস্টে বাংলাদেশের সামনের সারির পেসার বলতে একমাত্র আপনি...এটা কতটা চাপ হতে পারে?রুবেল: আমি শুধু নিজের কথা বলব না। শাহাদাত ভাই আছেন, হ্যাঁ, আমি হয়তো টেস্টে নিয়মিত, বেশ কিছু ম্যাচ খেলেছি। তবে মাঠে নামলে তো আর ওসব মনে থাকে না। চাপ নিই না আমি। কলম্বোয় নিখাদ ব্যাটিং উইকেট হওয়ার কথা, গলে স্পিনিং উইকেট। আপনার কাজ তো আরও কঠিন হতে পারে!রুবেল: আমাদের এখানেও তো এমন সব উইকেটেই বোলিং করি। তার পরও দেখা যাক, বিপিএল শেষে ক্যাম্পে এ নিয়ে কাজ করব। শ্রীলঙ্কার মতো ব্যাটিং শক্তির বিপক্ষে বোলিং করা কতটা চ্যালেঞ্জিং?রুবেল: মাহেলা জয়াবর্ধনে, সাঙ্গাকারারা খুব ভালো ক্রিকেটার। কিন্তু বিপিএলেও আমরা অনেক ভালো ভালো ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করছি। তাই আত্মবিশ্বাস বাড়ছে। এরপর জাতীয় দলের ক্যাম্পে ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কোথায় বোলিং করতে হবে, সেটা অনুশীলন করব। আমার মনে হয় না খুব সমস্যা হবে।