বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হচ্ছে ‘ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, শুভাশিস সিনহা নাট্যযজ্ঞ ২০১১’। এই উৎসবের আয়োজন করেছে থিয়েটারওয়ালা। কথা হলো উৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ বারীর সঙ্গে। এই নাট্যযজ্ঞ কেন আয়োজন করলেন?ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, শুভাশিস সিনহা নাট্যযজ্ঞ মূলত এ সময়ের আয়োজন, এ সময়কে উদ্যাপন করা। এটি আয়োজন করেছে থিয়েটারওয়ালা। পত্রিকা হিসেবে থিয়েটারওয়ালা আমাদের নাট্যকর্মীদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে। এরই মধ্যে থিয়েটারওয়ালা দর্শকের মুখোমুখি করেছে কয়েকজন নির্দেশককে। উন্মুক্ত বৈঠক, রঙ্গমাতন সোলায়মান মেলা—এ কাজগুলো যথেষ্ট সফলতার সঙ্গে থিয়েটারওয়ালা করেছে। এগুলো তরুণ নাট্যকর্মীদের বেশ উদ্দীপ্ত করেছে। তরুণ নাট্যকর্মীদের অনুপ্রাণিত করার জন্যই নাট্যযজ্ঞ আয়োজন। উৎসব আয়োজনের প্রস্তাবটা আসে থিয়েটারওয়ালার সম্পাদক হাসান শাহরিয়ারের কাছ থেকে। উৎসবে শুধু তিনজন নির্দেশককে বেছে নিলেন কেন?তিনজন নির্দেশক প্রতীক অর্থেই এসেছেন। এর বাইরেও অনেক তরুণ নির্দেশক বেশ ভালো কাজ করছেন। এই তিনজন তরুণ প্রজন্মের নির্দেশকদের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের যে কাজগুলো বেছে নেওয়া হয়েছে, সেগুলো আসলেই সৃজনশীল। দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?এ উৎসবের সবচেয়ে বড় সাফল্য আমি বলব ‘দর্শক সাড়া’। আমরা একেবারে প্রথম থেকে আশাতীত সাড়া পেয়ে আসছি। এদের বেশির ভাগই নতুন প্রজন্মের দর্শক। প্রতিদিনই প্রায় দর্শকপূর্ণ হচ্ছে। এটা খুবই আনন্দের। আপনার দল থিয়েটার আর্ট ইউনিট সামনে কী করছে?আমরা এখন নিজেদের নিয়মিত প্রযোজনাগুলো করে যাচ্ছি। এর মধ্যে আছে কোর্ট মার্শাল, সময়ের প্রয়োজনে, আমিনা সুন্দরী, মগজ সমাচার। সামনে নতুন একটি প্রযোজনায় হাত দিতে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে শেষের কবিতার নাট্যরূপ নিয়ে নতুন একটি প্রযোজনা মঞ্চস্থ করব। নামটা চূড়ান্ত করিনি। শেষের কবিতার নাট্যরূপ দিচ্ছেন প্রশান্ত হালদার। নির্দেশনা আমি দিচ্ছি। জুলাইয়ের প্রথম সপ্তাহে নাটকটি মঞ্চে আনার ইচ্ছা আছে।