‘শোককে শক্তিতে রূপান্তরিত করে ওদের ঠেকাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে ইসলামী ছাত্রশিবিরের হরতালের প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থেকে বের হয়ে বাংলামোটর ও জামায়াতে ইসলামীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ের পাশ দিয়ে ঘুরে শাহবাগে ফিরে আসে। সংগঠনের সভাপতিকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নেওয়ার প্রতিবাদে গতকাল সারা দেশে হরতাল ডাকে শিবির। মিছিল শুরুর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের কাছে কালো পতাকা মিছিলের তাৎপর্য ব্যাখ্যা করেন। ইমরান এইচ সরকার বলেন, ‘আপনারা জানেন, কালো হচ্ছে শোকের রং। জামায়াত-শিবিরের তাণ্ডবে এবং তাদের বিরুদ্ধে সরকার তেমন কোনো ব্যবস্থা নিতে না পারায় আমরা শোকাহত। তবে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে তাদের প্রতিহত করতে চাই। আমরা রাজপথে কালো পতাকা নিয়েই তাদের প্রতিহত করব।’ মিছিলে কালো পতাকা হাতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। তাঁরা হরতালের বিরুদ্ধে ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। মুখপাত্র ইমরান সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর সন্ত্রাসী বাহিনী ছাত্রশিবির স্বাধীনতার ৪২ বছর পর এখনো হরতাল করার দুঃসাহস দেখাচ্ছে। জামায়াত-শিবির দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য চালিয়ে যাওয়ার পরও সরকার তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না।’আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় ইমরান বলেন, ‘আমাদের দাবি মেনে মাহমুদুর রহমানকে আরও আগে গ্রেপ্তার করা হলে দেশে এত হামলা ও সহিংসতা হতো না। প্রাণহানি হতো না এত মানুষের।’মিছিল শেষে ইমরান বলেন, পূর্বঘোষণা অনুযায়ী ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) শাহবাগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে মহাসমাবেশ হবে। এ ছাড়া কাল শনিবার বিকেলে শুরু হবে চৈত্রসংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠান সারা রাত চলবে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডিত কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি আন্দোলন শুরু করে গণজাগরণ মঞ্চ। তরুণ প্রজন্মের সংগঠন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে শুরু হওয়া এ আন্দোলনে ক্রমশ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। গণজাগরণ মঞ্চ তখন থেকে মানবতাবিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ ছয় দফা দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে আসছে।