‘শোকের দিনে উল্লাস, মানবাধিকার লঙ্ঘন’
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন সম্পর্কে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘শোকের দিনে যারা উল্লাস করে, তারা মানবাধিকার লঙ্ঘন করে। তারা মানবিক গুণাগুণবিবর্জিত।’আজ মঙ্গলবার শিল্পকলার মহড়াকক্ষে ‘শোক দিবসে মিথ্যা জন্মদিন’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।রাজনীতি মানবতাহীন নয় উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অতীতে ভুল করলেও এবার এটা শুধরে সমঝোতার পথে বিএনপি এগোবে।’ঈদের পর নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপি আলোচনায় বসতে পারবে বলে আশা প্রকাশ করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিএনপিকে নির্বাচনের রূপরেখা নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।সুরঞ্জিত বলেন, ‘এ সংবিধানের অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এ জন্য সংবিধান বা আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।’দপ্তরবিহীন মন্ত্রী বলেন, নির্দলীয় সরকার নিরপেক্ষ হতে পারে না। সর্বদলীয় সরকারই নিরপেক্ষ হয়। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান গুরুত্বের সঙ্গে বিএনপি দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন।