২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস শ্যুটিংয়ে সবাইকে চমকে দিয়ে ব্যক্তিগত সোনা জিতেছিলেন ১৬ বছরের বাংলাদেশে অখ্যাত এক তরুণ। খারাপ সময়ের মধ্যেও গত কমনওয়েলথ গেমসে জিতেছেন দলীয় রুপা। দিল্লিতে ৩-১৪ অক্টোবর অনুষ্ঠেয় আরেকটি কমনওয়েলথ গেমসে ভালো করার প্রেরণা তাই পেতেই পারেন শ্যুটার আসিফ হোসেন খান। এ নিয়েই কথা হলো তাঁর সঙ্গে আরেকটি কমনওয়েলথ গেমসে যাচ্ছেন। প্রস্তুতি কেমন?আসিফ হোসেন খান: প্রস্তুতি মোটামুটি ভালোই। আজ (গতকাল) কম্পিটিশন হলো। ৫৯৪ স্কোর করেছি। ১০ মিটার এয়ার রাইফেলে আপনার সেরা স্কোর ৬০০-তে ৫৯৬। এখনো তো সেরা স্কোরের চেয়ে পেছনে আছেন...আসিফ: হ্যাঁ, এই স্কোরটা গত এসএ গেমসে করেছি। চেষ্টা করছি কমনওয়েলথে এই স্কোরের চেয়েও ভালো করতে। বাকিটা আল্লাহর ইচ্ছা। ৮ বছর আগে ৫৮৭ স্কোর করেই এই ইভেন্টে কমনওয়েলথে সোনা জিতেছিলেন, এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক কঠিন মনে হচ্ছে না?আসিফ: অনেক কঠিন। ২০০২ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সোনা জিতেছিলাম। এখন সোনা কেন, পদকের কথাই জোর দিয়ে বলতে পারছি না। তাহলে এবার কমনওয়েলথে আপনার লক্ষ্য কী? পদকের আশা করা যায়?আসিফ: আমার লক্ষ্য যত বেশি স্কোর করা যায়। চাইছি ৫৯৭-৯৮ করতে। ভালো একটা স্কোর নিয়ে সেরা আটে থেকে ফাইনালে যাওয়াই মূল লক্ষ্য। পদক জিতলে খুবই ভালো। তবে পদক জয়ের চাপ নেব না। কিছুদিন ধরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামলে আপনি স্নায়ুচাপে ভোগেন বলেছেন। এখন কী অবস্থা?আসিফ: ওই সমস্যাটা মোটামুটি কাটিয়ে উঠেছি। দেশে গত এয়ারগান চ্যাম্পিয়নশিপ, জার্মানিতে বিশ্বকাপ শ্যুটিংয়ে তেমন চাপ অনুভব করিনি। ২০০২ কমনওয়েলথ গেমসের প্রেরণায় নিশ্চয়ই উজ্জীবিত আপনি?আসিফ: উজ্জীবিত তো বটেই। আমার বড় প্রেরণা ২০০২। তখন আমি একটা বাচ্চা ছেলে ছিলাম। এখন অনেক পরিণত। তখন দশে দশ মারতে পারতাম হয়তো, কিন্তু এখন বলে-কয়ে দশ করতে পারি। পার্থক্যটা এই জায়গাতেই। শ্যুটিং দলও নিশ্চয়ই আপনার ২০০২ সালের সেই সাফল্য থেকে অনুপ্রেরণা পাচ্ছে?আসিফ: আপনি চাইলে বলতে পারেন। আসলে এখন শ্যুটাররা সবাই কমবেশি ভালো করছে। রত্মা (শারমীন) ৪০০-তে ৩৯৬-৯৭ করছে। সাদিয়া করছে ৩৯২-৯৩। বাকিরা ৫৯০-এর ওপরে করছে। আমারও ভালোই হচ্ছে। সব মিলিয়ে শ্যুটিং দল ভালোই করবে আশা করি। কমনওয়েলথে বাংলাদেশের বিশাল বহর কিন্তু তাকিয়ে থাকবে শ্যুটিং দলের দিকে। পদক জিতবে শ্যুটিং দল? আপনাদের খেলা কবে?আসিফ: জানি, সবাই শ্যুটিং দলের কাছে পদক আশা করে। এখন শ্যুটিংয়ের অবস্থা আগের চেয়ে ভালো, নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি শ্যুটিং দল নিরাশ করবে না। ৫ অক্টোবর ছেলেদের ১০ মিটারের দলীয় ইভেন্ট, পরদিন ব্যক্তিগত। এই ইভেন্টে মেয়েদের খেলা ৯-১০ অক্টোবর। আপনার নিজের কথা বলুন। অনেক প্রতিশ্রুতি নিয়ে এলেও মাঝেমধ্যে হারিয়ে যান কেন?আসিফ: আমার মাঝখানে কিছু সমস্যা গেছে। শ্যুটিংয়ে মনোযোগ দিতে পারিনি। পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। এখন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে গেছে। মেডিটেশন করছি অনেক দিন ধরে। এটা আমাকে সাহায্য করছে।