‘শ্যুটিংয়ের উন্নয়নের জন্যই দায়িত্ব নিচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত ফাঁকা মাঠই পেলেন। শ্যুটিং ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন ইন্তেখাবুল হামিদ। শ্যুটিং নিয়ে নিজের পরিকল্পনা এবং প্রাসঙ্গিক আরও অনেক বিষয় নিয়ে বললেন সাবেক এই স্কিট শ্যুটার বড় কোনো নাটকীয়তা না ঘটলে শ্যুটিং ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন আপনি। কী লক্ষ্য নিয়ে এই দায়িত্বে আসছেন?ইন্তেখাবুল হামিদ: হ্যাঁ, আজই মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। একটাই পরিষদ জমা পড়েছে। কাজেই আমি সাধারণ সম্পাদক হতে যাচ্ছি। ১৯ নভেম্বর ভোটাভুটির দরকার হচ্ছে না। শ্যুটিংয়ের উন্নয়নের জন্যই দায়িত্ব নিচ্ছি। স্কিট শ্যুটিং করেছি কয়েক বছর। বছর দুয়েক আগে খেলা ছেড়েছি। খেলা আয়োজনের সঙ্গে যুক্ত ছিলাম সব সময়। এখন নতুন দায়িত্বে ভালো কিছু করতে চাই।  নির্বাচনের ঘোরপ্যাঁচে শ্যুটিং অনেক দিন ধরে স্থবির। নতুন কমিটির কাছে প্রত্যাশা অনেক। আসলে কী করতে চান, নির্দিষ্ট করে বলবেন?ইন্তেখাবুল: শ্যুটিং যে অবস্থায় চলে গেছে, আমাদের শক্ত হাতে হাল ধরতে হবে। আমি খেলোয়াড় থাকার সময়ও শ্যুটিংয়ে অনেক স্পনসর করেছি। এখন আরও বেশি স্পনসর আনতে হবে। বছর তিনেক ধরে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সাফল্য নেই। আন্তর্জাতিক অঙ্গনে সুনাম ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি শ্যুটিংয়ে একটা শৃঙ্খলা আনতে হবে।  শ্যুটাররা তাকিয়ে আছে নতুন কমিটির দিকে। তাদের জন্য বিশেষ কী করবেন?ইন্তেখাবুল: পরিকল্পনা যে করব, শ্যুটার কই? শ্যুটারই তো নেই। তার পরও যারা আছে, আমি ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ইয়ুথ গ্রেড করব শ্যুটারদের। তাদের আন্তর্জাতিকভাবে তৈরি করব। তবে এখনই ফল দিতে পারব না। এ জন্য সময় দরকার। প্রথমে অস্ত্র-গোলাবারুদ আমদানি করতে হবে।  একটা পক্ষের মামলার কারণে ফেডারেশনের আয়ের বড় উৎস অডিটোরিয়াম বন্ধ। শোনা যায়, নির্বাচনে ওই পক্ষের আশীর্বাদ পেয়েছেন আপনি। এখন এই অডিটোরিয়াম নিয়ে কী করবেন?ইন্তেখাবুল: অডিটোরিয়ামের ব্যাপারে সমাধানে আসতে হবে। গত কমিটি রাজউকের দেওয়া শর্ত ভাঙার কারণেই মামলা হয়েছিল। তারা নন্দনকে ১২ বছরের জন্য ভাড়া দেয় অডিটোরিয়াম। যেটা আইনগতভাবে অবৈধ। মামলা করে বরং এই সম্পদ রক্ষাই করা হয়েছে।  বিদায়ী কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন কমিটিতে নেই। শোনা যায়, আপনাকে সামনে আনা পক্ষটির দাপটে তাঁরা টিকতে পারেননি। এটা কি ঠিক?ইন্তেখাবুল: নির্বাচন একটা উন্মুক্ত ব্যাপার। আমরা কাউকে নির্বাচন করতে বাধা দিইনি। কাজেই অভিযোগ সত্য নয়। নতুন কমিটিতে আগের কমিটির লোকও আছেন। তবে অনেকের বয়স হয়েছে, তাঁরা এখন আর অবদান রাখতে পারতেন না। তাই তাঁরা নেই। আমি বলব, সুন্দর কমিটি হয়েছে। বিদায়ী সাধারণ সম্পাদকের অভিযোগ, নিয়ম ভেঙে বিভিন্ন জায়গা থেকে কাউন্সিলর আনা হয়েছে। কোথাও কোথাও জেলা প্রশাসকও কাউন্সিলর হয়েছেন...ইন্তেখাবুল: অভিযোগটা ঠিক নয়। জেলার রাইফেল ক্লাবগুলোর সভাপতি স্থানীয় ডিসি। এখন তিনি নিজে কাউন্সিলর হলে তো ভালোই। এখানে প্রভাব খাটানোর অভিযোগ সত্য নয়।  গত কমিটি একটা প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালু করেছিল। সেটা কি চলবে? আগামী মাসে চীনে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দল পাঠাবেন?ইন্তেখাবুল: নতুনদের নিয়ে ক্যাম্প আমরা বন্ধ করতে চাই না। তবে আগামী মাসে চীনে এয়ারগান শ্যুটিংয়ে দল পাঠাব কি না ভাবতে হবে। শ্যুটারদের অনুশীলন নেই। দল পাঠিয়ে ফল কী হবে, সেটা ভেবে দেখা দরকার।