‘ষড়যন্ত্র’ মনে করে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ, জনপ্রশাসন ও বিচার বিভাগকে রাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে আখ্যায়িত করাকে ‘ষড়যন্ত্র’ বলে মনে করছে পুলিশ প্রশাসন। পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়।অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘এর পেছনে যড়যন্ত্র আছে বলে আমি মনে করি। এটা রহস্যজনক এবং অন্য কোনো উদ্দেশ্যে এটা করা হয়েছে।’ দুর্নীতি নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল গত বৃহস্পতিবার জনগণের অভিমত ও অভিজ্ঞতাভিত্তিক সমীক্ষা ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার’ (বৈশ্বিক দুর্নীতি পরিমাপক) প্রকাশ করে। এতে পুলিশকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়। এ প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাতেই গতকাল সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ কে এম শহীদুল হক বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা যখন তাঁদের ভাবমূর্তি দিয়ে দেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন, তখন টিআই যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা উদ্দেশ্যমূলক, বাস্তবতাবিবর্জিত ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে ক্ষুণ্ন করে বিশেষ মহলের স্বার্থে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কি না, সেটা বিবেচনার দাবি রাখে। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে এই নেতিবাচক প্রতিবেদনে অনেকের মনোবল ভেঙে গেছে, যা ভবিষ্যতে পৌর নির্বাচন ও বিশ্বকাপে প্রভাব পড়তে পারে।অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও সিআইডির প্রধান মোখলেসুর রহমান বলেন, আন্তর্জাতিকভাবে যখন পুলিশের সুনাম বাড়ছে, জাতিসংঘ মিশনে পুলিশ সাফল্য দেখানোর কারণে চাহিদা বাড়ছে, সে সময় এ ধরনের প্রচারণা মানে পুলিশে কালিমা লেপন করা। তিনি বলেন, তবে পুলিশ ধোয়া তুলসীপাতা নয়। তার পরও পুলিশ নিজের জীবন বাজি রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। রাতের রাস্তায় কুকুর আর পুলিশ ছাড়া কাউকেই মেলে না।অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, পুলিশের বিরুদ্ধে এই প্রতিবেদন গণতন্ত্রের ওপর হামলার শামিল। এভাবে গণতন্ত্রকে আক্রমণ করার প্রবণতা আগেও দেখা গেছে। যাদের মতামত নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, তাদের পরিচয় প্রকাশ করতে হবে। এরা জঙ্গি, না মাদকসেবী, না ব্যবসায়ী তা জানতে হবে। এরা পুলিশের সেবা পেয়েছে কি না বা এদের মধ্যে কারা পুলিশকে ঘুষ দিয়েছে, তাও জানা প্রয়োজন।সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, পুলিশ এ সমাজের সন্তান। এ সমাজে সবাই কম-বেশি দুর্নীতি করে। তা হলে শুধু পুলিশকে দোষারোপ করা হচ্ছে কেন?