‘সংকীর্ণ স্বার্থে হরতাল ডাকা হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে হরতালের যথেচ্ছ ব্যবহারে এর উপযোগিতা সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। হরতাল আজ আতঙ্ক, অনিশ্চয়তা ও ভয়াবহতার সমার্থক শব্দে পরিণত হয়েছে।মিজানুর রহমান বলেন, যেকোনো ইস্যুতে হরতাল ডাকার কারণে এর অন্তঃশক্তি বিনষ্ট হয়েছে। দলীয় ও সংকীর্ণ স্বার্থে হরতাল ডাকা হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে মানবাধিকার কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিজানুর রহমান এসব কথা বলেন।মিজানুর রহমান বলেন, ঘন ঘন হরতালের কারণে শিক্ষার্থীদের অপরিমেয় ক্ষতি হচ্ছে। শ্রমজীবী, দরিদ্র ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই আহত ও নিহত হচ্ছেন। চলমান রাজনৈতিক সহিংসতার কারণে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিও ক্রমশ নাজুক হয়ে উঠছে। প্রশ্ন হলো, এর দায়ভার কে নেবে? কমিশন সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ বিকল্প রাজনৈতিক কর্মসূচি অন্বেষণের জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছে।র্যাবের গুলিতে পা হারানো লিমনের ব্যাপারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন লিমনের ব্যাপারে শুরু থেকে এক সুদৃঢ় অবস্থান নিয়েছে। লিমনের নাগরিক অধিকার সুরক্ষার জন্য কমিশন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আবারও তাঁর বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। তিনি দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।