‘সংবিধান ডাস্টবিনে ফেলার’ বক্তব্য ছিল রূপক: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলার কথাটি তিনি রূপক অর্থে। আমিনী বলেন, রাজনৈতিক পরিভাষায় অনেক শব্দ ও কথা শাব্দিক অর্থে ব্যবহার না হয়ে রূপক অর্থে ব্যবহার হয়। তিনি বলেন, ডাস্টবিনে ছুড়ে ফেলার কথা বলার অর্থ ছিল, জনগণ ওই সংবিধান প্রত্যাখ্যান করুক।আজ শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগের কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় আমিনী এসব দাবি করেন। প্রসঙ্গত, সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলার বক্তব্য দেওয়ায় আমিনীকে ২৭ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট ওই দিন আমিনীকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর আমিনীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিট আবেদনটি করেন। ১৪ জুলাই দলের এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সূত্র ধরে আমিনী বলেন, ‘সংশোধিত সংবিধানকে শুধু ছুড়ে ফেলা নয়, ডাস্টবিনে ফেলতে হবে।’