‘সংরক্ষিত’ অঞ্চল সংরক্ষণে উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িটিতে ছিল সুদৃশ্য বাগান। এর অন্দরমহলে সুপরিসর আঙিনা ছিল। তিনতলা বাড়িটি পশ্চিমমুখী। এর ছাদে ত্রিভুজাকৃতির চূড়া ছিল। ভবনের সামনের দিককার তৃতীয় তলার অংশে ছিল অষ্টভুজাকৃতি কলামের সারি। দোতলায় দেখা যেত সুপরিসর বারান্দা ও কারুকার্যখচিত টানা কার্নিশ। ৩৩ প্যারিদাস রোডের এই ভবনের বর্ণনা দিয়েছেন আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম। তিনি উল্লেখ করেছেন, বিশ শতকের শুরুর দিকে এই বাড়ি নির্মাণ করেছিলেন ঢাকার সূত্রাপুর এলাকার ধনাঢ্য বাসিন্দা রায় বাহাদুর প্যারিদাস। ২০০৯ সালের ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে এ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। অথচ ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই ভবনটি পড়েছে নগর উন্নয়ন কমিটি অনুমোদিত ও রাজউকের তালিকাভুক্ত সংরক্ষিত এলাকায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, নগর উন্নয়ন কমিটির অনুমতি ছাড়া তালিকাভুক্ত এলাকার কোনো ভবন কিংবা কাঠামো অপসারণ, পুনর্নির্মাণ, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ও সংযোজন করা যাবে না। ওই বিজ্ঞপ্তিতে নগরের চারটি অঞ্চলের ১৩টি এলাকাকে সংরক্ষিত হিসেবে উল্লেখ করেছে রাজউক। একই বিজ্ঞপ্তিতে ঢাকার ৯৩টি ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এ ভবনগুলোর সংরক্ষণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও সংরক্ষিত এলাকাগুলোর দিকে নজর দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অনুসন্ধানে জানা গেছে, বেশির ভাগ সংরক্ষিত এলাকায় নিয়মবহির্ভূতভাবে ভবন ভাঙা, নির্মাণ কিংবা সংস্কারকাজ চলছে। এসব কার্যক্রম বন্ধে রাজউক কিংবা নগর উন্নয়ন কমিটি সক্রিয় নয় বলে অভিযোগ রয়েছে। তালিকাভুক্ত এলাকাগুলো সংরক্ষণে কোনো উদ্যোগও নিচ্ছে না তারা।প্রাথমিক তালিকা করেই দায়িত্ব শেষ?রাজউক প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তাদের মহাপরিকল্পনায় থাকা ঐতিহাসিক, নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনার মাধ্যমে ১৩টি এলাকাকে সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে ফরাশগঞ্জ অঞ্চলের ঋষিকেশ দাস রোড, রেবতী মোহন দাস রোড, বি কে দাস রোড ও ফরাশগঞ্জ রোড; শাঁখারীবাজার অঞ্চলের শাঁখারীবাজার রোড, তাঁতীবাজার রোড ও পানিটোলা; সূত্রাপুর অঞ্চলের প্যারিদাস রোড ও হেমেন্দ্র দাস রোড এবং রমনা অঞ্চলের বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড ও পার্ক এভিনিউ। এই এলাকাগুলো কীভাবে সংরক্ষণ করা হবে তার কোনো উল্লেখ নেই রাজউকের বিজ্ঞপ্তিতে। এসব বিষয় জানতে রাজউক ভবনে গিয়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়। তাঁরা কেউ কোনো তথ্য দিতে পারেননি। তবে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) শেখ আব্দুল মান্নান জানান, সংরক্ষিত অঞ্চল-সংক্রান্ত সব তথ্য রয়েছে নগর উন্নয়ন কমিটির সদস্য ও ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী ভবন স্থাপনার তালিকা প্রণয়নবিষয়ক উপকমিটির আহ্বায়ক এ এস এম ইসমাইলের কাছে।নগরের চার অঞ্চলের ১৩টি এলাকাকে সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত করার কারণ জানতে চাইলে এ এস এম ইসমাইল জানান, ওই এলাকাগুলোর মহল্লা, গলি, ভবনে পাওয়া যায় ঐতিহ্যের ছোঁয়া। এলাকাগুলোর রকের আড্ডা থেকে শুরু করে মানুষের জীবনযাপনের সব কর্মকাণ্ডে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। গলির পানির নল থেকে শুরু করে যত দূর সম্ভব পুরোনো বিষয়গুলো ধরে রাখার জন্য তাঁরা চারটি অঞ্চলকে সংরক্ষিত এলাকা হিসেবে তালিকাভুক্ত করেছেন।অনুসন্ধানে জানা যায়, সংরক্ষিত ১৩টি এলাকার পুরোনো ভবনের একটি তালিকা করার কথা ছিল ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী ভবন স্থাপনার তালিকা প্রণয়নবিষয়ক উপকমিটির। তাতে ভবনগুলোর শ্রেণীবিন্যাস করা হতো। এর মাধ্যমে চিহ্নিত করা হতো, কোন ভবন সংরক্ষণ করা হবে, কোন ভবন সংরক্ষণ না করলেও চলবে। রাজউকের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় ১১ মাস চলে গেলেও এখনো পর্যন্ত এসব কাজ শুরু হয়নি। এ বিষয়ে নগর উন্নয়ন কমিটির সদস্য ও ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী ভবন-স্থাপনার তালিকা প্রণয়নবিষয়ক উপকমিটির আহ্বায়ক এ এস এম ইসমাইল জানান, রাজউক যে তালিকা প্রকাশ করেছে, তা তৈরি হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। এরপর সরকার পরিবর্তন হয়েছে। এ জন্য কমিটির কার্যক্রম থমকে গিয়েছিল। এখন আবার কমিটি পুনর্গঠিত হয়েছে। জানুয়ারি মাসেই একটি সভার মাধ্যমে কমিটি সক্রিয় হবে বলে তিনি জানান।এলাকা সংরক্ষণ করবে কে?রাজউক ও নগর উন্নয়ন কমিটি সূত্রে জানা যায়, নগর উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়া নগরের সংরক্ষিত চার অঞ্চলের ১৩টি এলাকার কোনো ভবন যেমন ভাঙা বা সংস্কার করা যাবে না, তেমনি ওই এলাকাগুলোর কোনো বাড়িতে নতুন ভবন তৈরি করতে হলেও নগর উন্নয়ন কমিটির অনুমোদন লাগবে। এ প্রসঙ্গে এ এস এম ইসমাইল জানান, সংরক্ষিত এলাকার বৈশিষ্ট্য বিনষ্ট করবে এমন কোনো ভবন বা স্থাপনা ওই সব এলাকায় নির্মাণ করতে দেওয়া হবে না।ফরাশগঞ্জ, সূত্রাপুর ও শাঁখারীবাজারের একাধিক সংরক্ষিত এলাকা ঘুরে দেখা গেছে, অনেক বাড়ির পাশেই ডেভেলপার কোম্পানির সাইনবোর্ড টাঙানো আছে। পুরোনো ভবন ভেঙে ওই জায়গায় তৈরি হওয়া নতুন ভবন দেখতে কেমন হবে, এর নকশা দেওয়া আছে শাঁখারীবাজার রোডের ১৪ নম্বর বাড়ির পাশে বসানো সাইনবোর্ডে। রাজউকের তালিকা হওয়ার পর ওই রোডের ৬৫, ১২৮ ও ১৪২ নম্বর বাড়ির ভবনের একাংশ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে পানিটোলার ৩৫ নম্বর বাড়ির কিছু অংশ। ৩৩ রেবতী মোহন দাস রোডের সূত্রাপুর জমিদার বাড়িটি ব্যবহূত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোয়ার্টার হিসেবে। ৪৫ বি কে দাস রোডের ফরাশগঞ্জ বড় বাড়িতে বহুতল ভবন নির্মাণের কথাবার্তা চলছে। এই রোডের ৯ নম্বর প্লটে বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে একটি ভবন নির্মাতা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের বিপণন নির্বাহী পরিচয় দিয়ে নাজির হোসেন নামের একজন জানান, তাঁরা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অনুমোদন নিয়ে ১৩ তলা ভবন তৈরি করবেন। ২০১০ সালেই নির্মাণকাজ শুরু হবে। ক্রেতারা এখন অগ্রিম অর্থ দিয়ে ফ্ল্যাট কেনা নিশ্চিত করছেন। ওই রোডকে যে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, তা জানা নেই বলে তিনি দাবি করেন।এদিকে সংরক্ষিত সূত্রাপুুর অঞ্চলের ৩৩ প্যারিদাস রোডের বাড়িটি ভেঙে ফেলার পর এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর রাজউক চেয়ারম্যানের কাছে একটি আবেদন করেছে ক্যাম্পেইন ফর হেরিটেজ কনজারভেশন, বাংলাদেশ ও আরবান স্টাডি গ্রুপ। তাতে উল্লেখ করা হয়েছে, ঐতিহ্যবাহী ভবন ও এলাকা রক্ষায় রাজউক দায়সারাভাবে কাজ করছে। এ প্রসঙ্গে আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম জানান, রাজউক তালিকা প্রকাশ করলেও তারা ঐতিহ্যবাহী এলাকা রক্ষায় তেমন আগ্রহী হচ্ছে না। তাদের নিষ্ক্রিয়তার কারণেই সংরক্ষিত এলাকাগুলোয় নতুন ভবন উঠছে, আর ঐতিহ্যবাহী ভবন ভাঙা বা নষ্ট করা হচ্ছে।এ বিষয়ে এ এস এম ইসমাইল জানান, পুরাকীর্তি রক্ষায় যত লোকবল দরকার, তত রাজউকের নেই। এগুলো রক্ষায় এলাকাবাসীকেও সচেতন হতে হবে। এ জন্য দরকার প্রচার-প্রচারণা। নগরের ঐতিহ্যবাহী ভবন ও এলাকার তালিকাটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করতে রাজউককে বলা হয়েছিল। বিগত ১০ মাসে সেটা না করে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার অর্থ কোত্থেকে আসবে, সেই প্রশ্ন তোলেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) শেখ আব্দুল মান্নান। তিনি জানান, ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কারের দায়িত্ব মূলত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। মূলত নগর উন্নয়ন কমিটির করা তালিকা রাজউকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এখন নগরের ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কারের দায়িত্ব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে গণপূর্ত মন্ত্রণালয়।তিনি দাবি করেন, ঐতিহ্যবাহী ভবন ও এলাকার তালিকা প্রকাশের পর এগুলোর জন্য ক্ষতিকর কোনো ভবন নির্মাণের অনুমোদন দিচ্ছে না রাজউক। যারা ঐতিহ্যবাহী ভবন ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী ভবন ও এলাকাগুলোর বাড়িতে বাড়িতে রাজউকের প্রকাশিত তালিকা দেওয়া হয়েছে। তবে রাজউক থেকে এমন কোনো তালিকা পায়নি বলে সংশ্লিষ্ট এলাকার একাধিক বাসিন্দা জানায়।রাজউক ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্রে জানা গেছে, নগরের ঐতিহ্যবাহী ভবন ও এলাকার তালিকার কথা এলাকাবাসীকে জানানোর জন্য রাজউক থেকে ডিসিসিকে চিঠি দেওয়া হয়েছিল। তবে ডিসিসি ২০০৪ সালে নগরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে, যাতে অনেক ঐতিহ্যবাহী ভবনও আছে। ডিসিসি পরে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার জন্য ভবনের মালিকদের চিঠি দিয়েছে। এ জন্য ডিসিসি এখন আর ঐতিহ্যবাহী ভবন রক্ষায় এলাকাবাসী বা ভবনের মালিকদের চিঠি দিচ্ছে না।নগরের ঐতিহ্য সরকারি কোন সংস্থা সংরক্ষণ ও সংস্কারকাজ করবে, তা নিয়ে জটিলতা রয়েছে বলে জানান ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী ভবন স্থাপনার তালিকা প্রণয়নবিষয়ক উপকমিটির আহ্বায়ক এ এস এম ইসমাইল। তিনি বলেন, রাজউকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংরক্ষিত এলাকায় ভবন নির্মাণ বা ভাঙার জন্য নগর উন্নয়ন কমিটির অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। তবে এটি পরিবর্তন করা হবে। সংরক্ষিত এলাকা দেখভালের দায়িত্বে থাকবে ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী ভবন স্থাপনার তালিকা প্রণয়নবিষয়ক উপকমিটি। ভবিষ্যতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরই নগরের ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কারের দায়িত্ব পাবে বলে তিনি মনে করেন।বাড়িওয়ালাদের ভাবনা‘কোনো বাড়ি বা ভবনকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা হলে ওই বাড়ি বা ভবনের মালিক আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন। এ জন্য কোনো বাড়ি বা এলাকা ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হলে ভবন বা বাড়ির মালিক যে পরিমাণ আর্থিক ক্ষতিতে পড়বেন, তাঁকে বর্তমান বাজার মূল্যে ক্ষতিপূরণ দিতে হবে।’ বলছিলেন শাঁখারীবাজার নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক বিদ্যুত্ কুমার নাগ।ফরাশগঞ্জ, শাঁখারীবাজার, সূত্রাপুর ও রমনা অঞ্চলের ১৩টি এলাকা সংরক্ষিত হিসেবে রাজউকের তালিকাভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট এলাকার বাড়ি বা জায়গার মালিকেরা আশঙ্কায় আছেন। তাঁরা জানান, সংরক্ষিত এলাকা হওয়ায় পুরোনো ভবন ভেঙে নতুন ভবন তৈরি করা তো দূরের কথা, খালি জায়গায় ভবন করাও কঠিন হয়ে পড়ছে। কারণ, নতুন ভবন যদি আশপাশের ঐতিহ্যবাহী ভবনের জন্য হুমকিস্বরূপ হয়, তবে তাঁরা ভবন নির্মাণের অনুমোদন পাবেন না। আর পেলেও অল্প কয়েক তলা করার অনুমোদন পাওয়া যাবে। এভাবে তাঁরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। অনেক ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বছরকয়েক আগে ডিসিসি সেগুলো ভেঙে ফেলা বা সংস্কারের নির্দেশ দিয়েছিল ভবনের মালিককে। এখন আবার রাজউকের তালিকা অনুসরণ করলে সেগুলো ভাঙা যাবে না। এ জন্য বাড়িওয়ালারা দ্বিমুখী সংকটের মধ্যে পড়েছেন। এ প্রসঙ্গে ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ বলেন, ‘সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অদূরদর্শিতার কারণে নগরের ঐতিহ্য রক্ষার বিষয়টি হ-য-ব-র-ল হয়ে পড়েছে।’এ প্রসঙ্গে নগর উন্নয়ন কমিটির সদস্য ও ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী ভবন স্থাপনার তালিকা প্রণয়নবিষয়ক উপকমিটির আহ্বায়ক এ এস এম ইসমাইল জানান, নগরের সংরক্ষিত এলাকার খালি জায়গায় বাড়ি করা হলে তা যদি আশপাশের পুরাকীর্তির জন্য ক্ষতিকর বা সৌন্দর্যহানিকর হয়, তবে সেখানে অবশ্যই ভবন তৈরির অনুমোদন দেওয়া হবে না। এ জন্য জায়গা বা ভবনের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার বিভিন্ন পন্থার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে একটি হতে পারে বর্তমান বাজারমূল্যে বাড়িওয়ালার কাছ থেকে ভবন বা জায়গা কিনে নেওয়া। আরেকটি হতে পারে টিডিআরের (ট্রান্সফার অব ডেভেলপমেন্ট রাইটস বা হস্তান্তরযোগ্য ভূমি উন্নয়ন অধিকার) মাধ্যমে। এতে কোনো ভূমি বা ভবন সংরক্ষণ করা হলে মালিক যে পরিমাণ ভবন নির্মাণ থেকে বঞ্চিত হবেন, ওই পরিমাণ ভবন অন্য কোনো জায়গার প্লটে অতিরিক্ত করার সুযোগ দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালাদের অন্য কোথাও সরকার থেকে জমি কিনে দেওয়া যেতে পারে। সরকার থেকে কোথাও প্লট বরাদ্দ করা হলে এতে ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালাদের জন্য কোটা রাখা যেতে পারে।