‘সংসদ বাংলাদেশ’ চ্যানেলের সম্প্রচার শুরু আগামী মাসে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী মাসেই ‘সংসদ বাংলাদেশ’ নামক সংসদ টিভি চ্যানেলের সম্প্রচার শুরু হবে। প্রথমে চলবে পরীক্ষামূলক সম্প্রচার। আগামী ডিসেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় চ্যানেলটির টেরিস্ট্রিয়াল সম্প্রচারের কার্যক্রম শুরুর কাজ চলছে। আজ শনিবার জাতীয় সংসদে নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, টিভি চ্যানেল সংসদ বাংলাদেশ মূলত সংসদ ও উন্নয়নসংক্রান্ত সংবাদ প্রচার করবে। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর উত্থাপিত হওয়ার পর এখন ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলছে। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল আজও সংসদে আসেনি।এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করতে সব বেসরকারি বেতার ও টেলিভিশন কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে। মন্ত্রী বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় গত ১৭ ফেব্রুয়ারি বেসরকারি এফএম বেতার কেন্দ্র এবং টিভি চ্যানেলগুলোর মালিক প্রতিনিধিদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক ও প্রতিনিধিদের ভাষার মর্যাদা রক্ষার পরামর্শ দেওয়া হয়।অন্য এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, জানুয়ারি থেকে মে পর্যন্ত দুই হাজার ২৪৯টি শিল্পপ্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে যৌথ উদ্যোগে ১৩৮টি, ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে ৬৫টি এবং স্থানীয় বিনিয়োগে দুই হাজার ৪৬টি প্রতিষ্ঠান রয়েছে।