সংসদের কার্যক্রম যথাযথভাবে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য ‘সংসদ বাংলাদেশ’ নামে একটি টেলিভিশিন চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার সরকারি দলের সাংসদ বেনজীর আহমেদের সংসদবিষয়ক একটি বিশেষ টিভি চ্যানেল স্থাপনের প্রস্তাব আনলে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ তা গ্রহণ করেন। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।এর আগে বেনজীর আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলে সংসদের খবর জনগণের কাছে ব্যাপকভাবে পৌঁছানোর জন্য এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সংসদের সব কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার জন্য একটি বিশেষ চ্যানেল প্রয়োজন। অনেক দেশেই এ ধরনের চ্যানেল রয়েছে।এ সময় উপস্থিত সব সাংসদ এ প্রস্তাবের পক্ষে মত দেন। সাংসদের আগ্রহের মুখে তথ্যমন্ত্রী বলেন, সাংসদেরা এ বিষয়ে সবাই একমত হয়েছেন যে সংসদের জন্য সংসদ বাংলাদেশ নামে একটি বিশেষ টেলিভিশন চ্যানেল করা প্রয়োজন। সংসদের এ সিদ্ধান্তের সঙ্গে সরকারও একমত। তিনি বলেন, সংসদের সিদ্ধান্তের পর সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।